© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতের উত্তর প্রদেশ থেকে ‘বাংলাদেশিদের’ তাড়ানোর নির্দেশ

শেয়ার করুন:
ভারতের উত্তর প্রদেশ থেকে ‘বাংলাদেশিদের’ তাড়ানোর নির্দেশ
international-desk
০৫:২০ পিএম | ০১ অক্টোবর, ২০১৯

ভারতের উত্তর প্রদেশ থেকে ‘বাংলাদেশি’ ও ‘অন্য বিদেশিদের’ শনাক্ত করার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। অনেকে একে আসামের নাগরিক নিবন্ধন তালিকা (এনআরসি)’র আরেক সংস্করণ বলে মনে করছেন। মঙ্গলবার এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, উত্তর প্রদেশ পুলিশের মহাপরিদর্শক রাজ্যের সব জেলার পুলিশপ্রধানের কাছে পাঠানো চিঠিতে এই পদক্ষেপকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে উল্লেখ করেছেন। চিঠিতে আরও বলা হয়েছে, এই বিতাড়নের নির্দিষ্ট সময়সীমা রয়েছে। এবং তা ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরদারিতে থাকবে।

কিছুদিন আগে আসামের এনআরসি প্রকাশের পর তা নিয়ে শুরু হয় বিতর্ক। ওই তালিকায় ১৯ লাখ মানুষ নাগরিক তালিকা থেকে বাদ পড়েছেন। তারা ভারতের নাগরিক হিসেবে নিজেদের প্রমাণ করতে না পারলে দেশ থেকে বিতাড়নের মুখে পড়তে পারেন।

উত্তর প্রদেশ পুলিশকে জেলার শহরতলিতে পরিবহন অঞ্চল ও বস্তি এলাকায় অভিযান চালানের নির্দেশ দেয়া হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করতে বলা হয়েছে।

বিদেশিদের ভুয়া কাগজপত্র তৈরিতে সহায়তাকারী সরকারি কর্মচারীদেরও শনাক্ত করার নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশি বা অন্য বিদেশিদের আঙুলের ছাপ নেয়া হবে। পুলিশকে নির্মাণ প্রতিষ্ঠানগুলোকে বলতে বলা হয়েছে যে, তাদের শ্রমিকদের শনাক্ত সম্পর্কিত সব প্রমাণ রাখার দায়িত্ব নিজেদের।

আসামের এনআরসির প্রশংসা করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক সাক্ষাৎকারে বলেছিলেন, আসামের পদক্ষেপটি ‘জাতীয় নিরাপত্তার’ জন্য জরুরি। প্রয়োজনে নিজের রাজ্যেও তিনি এই ধরনের পদক্ষেপ নেবেন।

 

টাইমস/এএইচ/এসআই

মন্তব্য করুন