ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে বিয়ের আসর থেকে পালালেন বর-কনে
ছবি: সংগৃহীত
০৯:০৬ এএম | ০৬ সেপ্টেম্বর, ২০২৫
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ম্যাজিস্ট্রেট আসার খবর পেয়ে বিয়ের আসর থেকে বর-কনে ও তাদের পরিবারের সদস্যরা পালিয়ে যান। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের প্যান্ডেল খুলে ফেলে বরযাত্রীদের ফেরত পাঠিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা প্রশাসন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুয়া কাগজপত্র তৈরি করে ওই এলাকার সদ্য এসএসসি পরীক্ষায় পাস করা এক শিক্ষার্থীকে সাবালিকা দেখিয়ে পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার বাকশীমূল এলাকার এক যুবকের সঙ্গে বিয়ে দিতে বিয়ের আয়োজন করেন কনেপক্ষ। এ ঘটনা উপজেলা প্রশাসন জানতে পেয়ে বিয়েবাড়িতে যাওয়ার প্রস্তুতি নেন। উপজেলা প্রশাসন বিয়েবাড়িতে পৌঁছানো মাত্র তড়িঘড়ি করে বর-কনেসহ বিয়ের আসর থেকে পালিয়ে যান বর ও কনেপক্ষের পরিবারের লোকজন।
পরে উপজেলা প্রশাসন বিয়েবাড়ির প্যান্ডেল খুলে উপস্থিত বরযাত্রীকে ফেরত পাঠিয়ে বাল্যবিয়ে বন্ধ করেন। পুনরায় যেন এ বাল্যবিয়ে সংগঠিত না হয় সে মর্মে স্থানীয় ইউপি সদস্যকে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান দেশের একটি গণমাধ্যমকে বলেন, ঘটনাস্থলে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই কনে এবং কনের আত্মীয়স্বজন পালিয়ে যান। পরে প্যান্ডেল খুলে ফেলে এবং বরযাত্রীদের ফেরত পাঠিয়ে বাল্যবিয়ে বন্ধ করা হয়। পরে যেন আবারও কার্যক্রম শুরু না হয় সেজন্য স্থানীয় ওয়ার্ড মেম্বারকে বিষয়টি দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে।
কেএন/টিএ