আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, নির্বাচনে টাকার খেলা চলছে- এটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। আমার নিজের তো টাকা-পয়সা নেই। ইন্টারমিডিয়েট পাস করার পর থেকেই আমি রাজনীতি করছি, টাকা উপার্জনের দিকে কখনো মনোযোগ দিইনি। তাই আমি টাকার খেলায় নামতে পারব না।
তিনি বলেন, তবে আমি বিশ্বাস করি বাঞ্ছারামপুরের মানুষ টাকার বিনিময়ে তাদের সম্মান বিক্রি করবে না। এই এলাকার একটি ঐতিহ্য আছে- টাকার খেলায় কেউ এখানে নির্বাচনে জয়লাভ করতে পারে না। সেই ঐতিহ্য আপনারাই রক্ষা করবেন।
শনিবার বিকেলে উপজেলার উজানচর ইউনিয়নের রাধানগর গ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জোনায়েদ সাকি বলেন, বিএনপির চেয়ারম্যান ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন যে, দেশের বিভিন্ন জায়গায় ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের ধান্দা চলছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আমরা জনগণের ভোটে, মানুষের সমর্থন নিয়ে সংসদে যেতে চাই। কেউ যদি গোপনে বা নানা কৌশলে ভোট চুরির চেষ্টা করে, তাহলে জনতার প্রতিরোধের মাধ্যমে আমরা তা ঠেকিয়ে দেব।
তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ভোটের দিন সকালে সবাই কেন্দ্রে যাবেন, নিজের ভোট নিজে দেবেন এবং সারাদিন ভোটকেন্দ্র পাহারা দেবেন।
পথসভায় উপজেলা বিএনপির সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি একেএম মূসা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মূসা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ ও উপজেলা বিএনপির সহসভাপতি লিয়াকত আলী ফরিদসহ স্থানীয় নেতারা।
এসএস/টিকে