ছোট্ট একটি চরিত্র, অথচ তার অনুপস্থিতিতেই আলোচনার ঝড়। টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ‘পরশুরাম আজকের নায়ক’-এ তৃণা সাহা ও ইন্দ্রজিৎ বোসের সন্তানের ভূমিকায় অভিনয় করা শিশুশিল্পী অভিনব বিশ্বাস, যাকে দর্শকরা চেনে ‘লাট্টু’ নামেই, হঠাৎ করেই পর্দা থেকে উধাও হয়ে যাওয়ায় প্রশ্ন উঠেছিল বহু ঘরে। টিআরপি তালিকায় শীর্ষে থাকা এই ধারাবাহিকের ভেতরের অশান্তির খবরই তখন আলোচনার কেন্দ্রবিন্দু।
ঘটনার সূত্রপাত একটি সামাজিক মাধ্যমের পোস্ট ঘিরে। অভিনবের পরিবারের তরফে জানানো হয়, শুটিংয়ের সময় তার উপর নাকি ক্রমাগত মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছিল। সেই কারণেই ধারাবাহিক ছাড়ার সিদ্ধান্ত নেয় শিশুশিল্পী। অভিযোগে সরাসরি কারও নাম না থাকলেও ইঙ্গিতে উঠে আসে সহঅভিনেত্রীর প্রসঙ্গ, আর তাতেই জল্পনা আরও ঘনীভূত হয়। দর্শকের একাংশ প্রশ্ন তুলতে শুরু করেন, একটি শিশুশিল্পীর উপর এমন চাপ কীভাবে তৈরি হল।
এরপর কিছুদিন ধরেই ‘লাট্টু’ চরিত্রটি পর্দা থেকে সম্পূর্ণ অনুপস্থিত ছিল। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, নতুন কোনও মুখ কি দেখা যাবে সেই চরিত্রে। কিন্তু নির্মাতাদের তরফে জানানো হয়, অন্য কেউ নয়, অভিনবই ফিরছে তার পুরনো ভূমিকায়। একই সঙ্গে প্রযোজনা সংস্থা জানায়, যে ভিডিওটি নিয়ে এত বিতর্ক, সেটি ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে এবং আলোচনার মাধ্যমে ভুল বোঝাবুঝির অবসান ঘটেছে।
এক সময় যে বিতর্কে ধারাবাহিকের অন্দরে তৈরি হয়েছিল অস্বস্তির ছায়া, এখন সেখানে ধীরে ধীরে ফিরছে স্বাভাবিক ছন্দ। দর্শকদের অপেক্ষা তাই আবারও সেই পরিচিত ‘লাট্টু’কে পর্দায় দেখার। একটি ছোট চরিত্রের প্রত্যাবর্তন ঘিরেই যেন নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে ধারাবাহিকের গল্প।
পিআর/টিকে