মহান ভাষা আন্দোলনের গৌরব ও স্মৃতিবিজড়িত ফেব্রুয়ারি মাসের দিন গণনা শুরু হয়েছে আজ।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে আত্মত্যাগের মধ্য দিয়ে বাঙালির ভাষার অধিকার প্রতিষ্ঠিত হয়। পুরো মাসজুড়ে জাতি শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করে ভাষাশহীদদের।
১৯৯৯ সালে ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ হিসেবে ঘোষণা করলে দিনটি বিশ্বব্যাপী স্বীকৃতি পায়। এরপর থেকে বিশ্বের নানা দেশে দিবসটি পালন করা হচ্ছে যথাযোগ্য মর্যাদায়।
১৯৪৮ সালে ঢাকায় ভাষা প্রশ্নে উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার ঘোষণা দিলে ছাত্রসমাজের প্রতিবাদ থেকেই আন্দোলনের সূচনা। দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ১৪৪ ধারা ভেঙে মিছিলে নামলে পুলিশের গুলিতে সালাম, বরকত, রফিক, জব্বারসহ অনেকে শহীদ হন। তাঁদের আত্মত্যাগের বিনিময়েই বাংলা পায় রাষ্ট্রভাষার মর্যাদা।
এসএস/টিকে