নির্বাচনে জামায়াতের বিজয়ের মাধ্যমে আগামীর বাংলাদেশ হবে ইনসাফের ও ন্যায়ের বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়েম। জামায়াত আমির কোনো দলের বিজয় চান না, কোনো পরিবারের বিজয় চান না, কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিজয় চান না। তিনি বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিজয় চান বলেও জানান শিবিরের এই নেতা।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে শহীদ শরীফ ওসমান বিন হাদির জন্মস্থান ঝালকাঠির নলছিটিতে গিয়ে পথসভায় এসব কথা বলেন তিনি।
সাদিক কায়েম বলেন, জামায়াত ক্ষমতায় এলে শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যার বিচারের পাশাপাশি তাঁর চিন্তাধারার অসমাপ্ত কাজগুলো করা হবে। প্রতিটি জেলায় মেডিক্যাল কলেজ করা হবে। ৫০ লাখ যুবকের জন্য চাকরির ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশে পাঁচটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা ইনসাফের পক্ষে রায় দিয়েছে, তাই আশা করব জাতীয় নির্বাচনেও দেশের মানুষ ইনসাফের পক্ষেই রায় দেবেন।
এ সময় হাদির বোন সুলতানা বিন হাদি, ভগ্নিপতি আমির হোসেন এবং ঝালকাঠি-২ আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী শেখ নেয়ামুল করিমসহ স্থানীয় শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি শেখ নেয়ামুল করিমের নির্বাচনী প্রচারণায় অংশ নেন।
কেএন/টিকে