২২ ঘণ্টা পর বাংলাদেশি যুবকের মরদেহ ফেরত দিল বিএসএফ
ছবিঃ সংগৃহীত
০৩:৩১ এএম | ০২ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবা-পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল-আমিন (৩২) এর মরদেহ ২২ ঘণ্টা পর বিএসএফের কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছেন।
শনিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে পুটিয়া সীমান্তের ২০৫০ পিলারের কাছে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে নিহতের মরদেহ তার পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
আল-আমিন ভারতের সীমান্তঘেঁষা ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পুটিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
এ সময় বাংলাদেশের পক্ষ থেকে সুলতানপুর বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান ও কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের, অপরদিকে বিএসএফের পক্ষ থেকে ৪৯ বিএসএফ ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার অজিত কুমারসহ বিএসএফের সদস্যরা উপস্থিত ছিলেন।
পতাকা বৈঠক শেষে সুলতানপুর বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান সাংবাদিকদের বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি না হয় সেজন্য বিএসএফকে সতর্ক করা হয়েছে।
কসবা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের বলেন, নিহত আল-আমিনের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের ২০৪৩ নম্বর পিলার সংলগ্ন এলাকায় কয়েকজন বাংলাদেশিকে লক্ষ্য করে রাবার বুলেট ছুড়ে বিএসএফ। এতে গুরুতর আহত হন আল-আমিন। বিএসএফ সদস্যরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভারতের হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।