© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিএনপি নেতার গাড়িবহরে হামলার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

শেয়ার করুন:
বিএনপি নেতার গাড়িবহরে হামলার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৮ এএম | ১৯ মে, ২০২৫
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপির সাবেক সংসদ সদস্যের (এমপি) গাড়িবহরে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় হারেজ উদ্দিন (৫০) নামের সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৮ মে) দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। হারেজ উদ্দিন উপজেলার ইশ্বরঘাট গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং কালেরপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। শনিবার (১৭ মে) বিকেলে নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ নেতাকর্মীদের নিয়ে ১১ ডিসেম্বর নির্বাচনী গণসংযোগকালে শহরের কলাপট্টী এলাকায় পৌঁছান। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা জিএম সিরাজের গাড়িবহরে ককটেল হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে বিএনপির কমপক্ষে ২০ নেতাকর্মী আহত হন।

এ ঘটনায় ২০২৪ সালের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনকে আসামি করা হয়। মামলায় অজ্ঞাত আসামি হিসেবে হারেজ উদ্দিনকে গ্রেফতার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এসএম

মন্তব্য করুন