আজ খোলা থাকবে সরকারি অফিস-ব্যাংক
ছবি : সংগৃহীত
১০:২৩ এএম | ২৪ মে, ২০২৫
পবিত্র ঈদুল আজহার বর্ধিত ছুটির কারণে আজ শনিবার (২৪ মে) সাপ্তাহিক ছুটির দিনও খোলা রয়েছে অফিস, আদালত, ব্যাংক, শিক্ষাপ্রতিষ্ঠান। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে সরকারি অফিস। আর ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এবারের ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
এ জন্য আগামী ১১ ও ১২ জুন (বুধ ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করে সরকার। তবে এর আগে ১৭ ও ২৪ মে দুই শনিবার ছুটির দিনে সরকারি অফিস খোলা রাখা হয়েছে।
উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদনের পর গত ৭ মে ঈদে নির্বাহী আদেশে দু’দিন (১১ ও ১২ জুন) ছুটি ঘোষণা এবং ছুটির দিনে (১৭ ও ২৪ মে) অফিস খোলা রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সাপ্তাহিক ছুটির দুই দিন (১৭ ও ২৪ মে) সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস খোলা থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৭ জুন দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। এবার ঈদুল আজহায় ৫ থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
আরএ/এসএন