রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের নির্বাচনকে ঘিরে ক্লাইমেক্স বাড়তে শুরু করেছে। পতিত সরকারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে ভারতীয় একটি গণমাধ্যমে। সেখানে তিনি প্রথমবারের মত আংশিকভাবে হলেও জুলাই-আগস্টে যে হত্যাকাণ্ড ঘটেছে তার দায় খানিকটা স্বীকার করে নিয়েছেন। নেত্রী হিসেবে তিনি মনে করেন এই দায় তারও যদিও পুরোপুরি সেটা স্বীকার করেননি। দায় চাপিয়েছেন পুলিশ প্রশাসন তাদের ওপরে।
সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
জিল্লুর রহমান বলেন, রাজনৈতিক অঙ্গনে যে বিতর্কে কিছুদিন ধরে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা বিএনপি ২৩৭ জন প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে সেটাকে একটা নির্বাচনী মুডে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। খানিকটা তারা সফলও হয়েছে।
জিল্লুর বলেন, জামায়াতে ইসলামী এবং তাদের মিত্রদের নিয়ে বেশ শক্ত কথাবার্তা বলার চেষ্টা করছে। এমনকি ১০-১১ তারিখের মধ্যে তাদের দাবি পূরণ না হলে তারা ঢাকাকে অচল করে দেবে সে কথাও বলেছে। আওয়ামী লীগ নিষিদ্ধ সেই অর্থে না হলেও অফিশিয়ালি তাদের কার্যক্রম স্থগিত।
জিল্লুর আরো বলেন, আওয়ামী লীগ ১৩ তারিখে সারাদেশে লকডাউন কর্মসূচি দিয়েছে। একদিকে জামায়াত অন্যদিকে আওয়ামী লীগ মিলে পরিস্থিতি অস্থিতিশীল করার একটা বড় আয়োজন চলছে। অন্যদিকে সরকার বলছে নির্বাচন একদিনও কেউ পেছাতে পারবে না। বিএনপিও অন্য কোনো কথা শুনতেই রাজি না। তারা নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে এবং গন্তব্যে তারা পৌঁছাবেই।
টিএম/টিকে