চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও সদর উপজেলায় বিএনপির ৩৫ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে পৃথক দুটি অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।
শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বাগবাড়ি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিএনপির ৮ জন নেতাকর্মী জামায়াতে যোগ দেন। তাদের ফুল দিয়ে বরণ করে নেন চাঁপাইনবাবগঞ্জ-০১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ও রাজশাহী মহানগর জামায়াতের আমির ড. কেরামত আলী।
অন্যদিকে সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের আব্দুস সামাদ কলেজ মাঠে বিএনপির আরও ২৭ জন নেতাকর্মী জামায়াতে যোগ দেন। তাদের ফুলের মালা পরিয়ে গ্রহণ করেন চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল।
যোগদানকারী নেতাকর্মীরা জানান, জামায়াতের নীতি ও আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এ দলে যোগ দিয়েছেন এবং আসন্ন নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রচার-প্রচারণায় অংশ নেবেন।
শিবগঞ্জে যোগদানকারীদের মধ্যে রয়েছেন দাইপুখুরিয়া ইউনিয়নের মিয়াপুর গ্রামের মো. আবদুল কাদির ও আইস উদ্দিন, বাগবাড়ি পূর্বপাড়া গ্রামের মো. আইসুদ্দিন, মো. শামসুদ্দিন, শ্রী চমৎকার ও মো. সেরাজুল সদ্দার এবং উত্তর মকিমপুর গ্রামের মো. জুবায়ের ও মো. মোস্তাক।
জামায়াতে যোগদানকারী হিন্দু সম্প্রদায়ের সদস্য শ্রী চমৎকার বলেন, জামায়াতে ইসলামীর আদর্শ ও সমাজসেবামূলক কর্মকাণ্ড আমাকে আকৃষ্ট করেছে। সে কারণেই আমি এ দলে যোগ দিয়েছি।
ড. কেরামত আলী বলেন, জামায়াতে ইসলামী ধর্ম, বর্ণ ও শ্রেণি নির্বিশেষে ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনে কাজ করছে। এই আদর্শে অনুপ্রাণিত হয়ে বিভিন্ন দলের মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন।
সুন্দরপুরের অনুষ্ঠানে নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াত দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করে। আমাদের আদর্শে উজ্জীবিত হয়ে কেউ যোগ দিলে তার জন্য দরজা সবসময় খোলা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও সাবেক মেয়র নজরুল ইসলাম, জেলা জামায়াতের আমির আবু জার গিফারী, নায়েবে আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমানসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
ইউটি/টিএ