ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে শুরু হয়েছে বাংলা চলচ্চিত্রের সর্ববৃহৎ আয়োজন ‘আমার ভাষার চলচ্চিত্র উৎসব ১৪৩২’। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের উদ্যোগে এ বছর উৎসবটি বসেছে ২৪তম আসরে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় আহমেদ হাসান সানি পরিচালিত সিনেমা ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, আজাদ আবুল কালাম, কেয়া আক্তার ও তানভীর অপূর্ব।
আয়োজকদের ভাষ্য, ‘এখানে রাজনৈতিক আলাপ জরুরি’ আমাদের রাজনৈতিক ট্যাবু ভাঙার পাশাপাশি অধিকার আদায়ের প্রশ্নগুলো নতুনভাবে তুলে ধরে।
উৎসবের দ্বিতীয় দিন বুধবার (৪ ফেব্রুয়ারি)। এদিন সকাল ১০টায় টিএসসি মিলনায়তনে প্রদর্শিত হবে সুনীল বন্দ্যোপাধ্যায়ের ক্লাসিক সিনেমা ‘দেয়া নেয়া’। দুপুর সাড়ে ১২টায় থাকছে আলমগীর কবির পরিচালিত ও সদ্য প্রয়াত জয়শ্রী কবির অভিনীত আলোচিত চলচ্চিত্র ‘সূর্যকন্যা’।
বিকেল সাড়ে ৩টায় দেখানো হবে শরাফ আহমেদ জীবন পরিচালিত গত বছরের আলোচিত সিনেমা ‘চক্কর ৩০২’, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। দিনের শেষ প্রদর্শনীতে দর্শক দেখতে পাবেন ২০২৪ সালের অন্যতম আলোচিত ছবি ‘তাণ্ডব’। রায়হান রাফী পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, জয়া আহসান ও সাবিলা নূর।
জানা গেছে, উৎসব চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
মাত্র ৫০ টাকা মূল্যের টিকিটে দর্শকরা উপভোগ করতে পারবেন উৎসবের সব চলচ্চিত্র।
এমকে/টিএ