ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে নুসরাত ফারিয়ার রসায়ন নিয়ে একসময় দর্শকদের মধ্যে কম আলোচনা হয়নি। একসঙ্গে মাত্র একটি সিনেমায় কাজ করলেও বিজ্ঞাপন, স্টেজ শো ও বিভিন্ন ইভেন্টে তাদের যৌথ উপস্থিতি ঘিরে অনুরাগীদের মনে প্রশ্ন উঠেছিল—শাকিব খানের সঙ্গে কি কোনো সম্পর্ক ছিল ফারিয়ার?
অবশেষে সেই গুঞ্জন নিয়ে মুখ খুললেন নুসরাত ফারিয়া নিজেই। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে অংশ নিয়ে বিষয়টি স্পষ্টভাবে অস্বীকার করেছেন অভিনেত্রী।
ফারিয়ার কথায়, শাকিব খানের সঙ্গে তার কখনোই প্রেমের সম্পর্ক ছিল না।
ফারিয়া বলেন, ‘না, এমন কিছুই ছিল না। আমাদের মধ্যে খুব ভালো একটি পেশাদার সম্পর্ক ছিল। আমরা একসঙ্গে সিনেমা করেছি, বিজ্ঞাপনে কাজ করেছি, স্টেজ শোতেও পারফর্ম করেছি—সবটাই কাজের জায়গা থেকেই।’
‘শাহেনশাহ’ সিনেমার পর শাকিব খান ও নুসরাত ফারিয়াকে আর একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি।
কেন এরপর আর তাদের জুটি হয়নি—এমন প্রশ্নের জবাবে ফারিয়া জানান, বিষয়টি তাঁর কাছেও পরিষ্কার নয়।
তিনি বলেন, ‘এটা আসলে আমি নিজেও জানি না। এমনকি আমি শাকিবকেও একবার বলেছিলাম। ও বলেছিল, আমাদের একসঙ্গে কাজ করা উচিত।
এখন ও নতুনদের সঙ্গে কাজ করছে। সঠিক সময় আর ভালো গল্প এলে হয়তো আবার কাজ হতে পারে।’
পডকাস্টে শুধু সিনেমা নয়, ব্যক্তিজীবনের নানা দিক নিয়েও কথা বলেন নুসরাত ফারিয়া। আলোচনায় উঠে আসে তার ব্যক্তিগত অভিজ্ঞতা, ক্যারিয়ারের চড়াই-উতরাই এমনকি দুই দিনের কারাবন্দি জীবনের কথাও।
এসএন