সংক্রান্তি ২০২৬-এর বিপুল সাফল্যের পর টলিউডের নজর এখন পুরোপুরি সংক্রান্তি ২০২৭-এর দিকে। শোনা যাচ্ছে, উৎসবের এই সময়টিতে একাই প্রায় সাতশ থেকে আটশ কোটি টাকা ব্যবসা করার সক্ষমতা দেখিয়েছে দক্ষিণী চলচ্চিত্র শিল্প। সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই আগামী বছরের সংক্রান্তি যেন রীতিমতো তারকাবহুল লড়াইয়ের ময়দানে পরিণত হতে চলেছে।
শিল্পসংশ্লিষ্ট সূত্র বলছে, সংক্রান্তি ২০২৭ দখলের প্রস্তুতি নিচ্ছেন প্রভাস। হনু রাঘবপুড়ি পরিচালিত তার নতুন ছবি ‘ফৌজি’ পোঙ্গল ও সংক্রান্তি মৌসুমে মুক্তির লক্ষ্যেই এগোচ্ছে। একই সময়ে মেগাস্টার চিরঞ্জীবীও নিজের পরবর্তী ছবি নিয়ে একই উৎসবকালকে লক্ষ্য করছেন। কেএস ববি পরিচালিত এই ছবিকে ঘিরেও ইতিমধ্যে প্রত্যাশা তুঙ্গে।
এই তারকা দ্বন্দ্বে আরও ঘি ঢালতে পারেন পরিচালক অনিল রবিপুড়ি। তার পরিকল্পিত নতুন ছবিতে ভেঙ্কটেশের অভিনয়ের সম্ভাবনা জোরালোভাবে শোনা যাচ্ছে। সব কিছু পরিকল্পনামতো এগোলে সংক্রান্তি ২০২৭-এ প্রভাস, চিরঞ্জীবী ও ভেঙ্কটেশ—তিন মহাতারকার মুখোমুখি সংঘর্ষ দেখার সম্ভাবনা তৈরি হচ্ছে।
সংক্রান্তি ২০২৬-এ এই তিন তারকাই উৎসবের বক্স অফিসে নিজেদের শক্তি প্রমাণ করেছেন। ফলে ২০২৭-এর লড়াইয়ে প্রত্যাশা ও ঝুঁকি—দুটোই আকাশছোঁয়া। যদিও শুটিংয়ের সময়সূচি কিংবা মুক্তি-পরবর্তী কাজের কারণে পরিকল্পনায় পরিবর্তন আসতে পারে, তবু সব ছবি যদি নির্ধারিত সময়ে মুক্তির তারিখ চূড়ান্ত করে, তাহলে টলিউডের ইতিহাসে এটি হতে পারে সবচেয়ে বড় উৎসবকালীন সংঘর্ষ। তারকা শক্তি, গল্পের আবেদন এবং দর্শক টানার ক্ষমতার প্রকৃত পরীক্ষা দিতে প্রস্তুত হচ্ছে সংক্রান্তি ২০২৭।
ইউটি/টিএ