নতুন সরকার ক্ষমতায় আসলে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং এটি চালু রাখার বিষয়টি অগ্রাধিকার পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব এবং বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির।
বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট স্থগিতের সিদ্ধান্ত স্থগিত প্রসঙ্গে যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, "এই ফ্লাইট স্থগিতের বিষয়টি বিবেচনা করা হয়েছিল; কিন্তু বর্তমানে তা বন্ধ হয়নি, চালু রয়েছে। স্থগিতের বিষয়টি পুনর্বিবেচনা করে ফ্লাইট চালু রাখা বৃহত্তর সিলেটসহ প্রবাসীদের একটি অরাজনৈতিক দাবি।"
এ নিয়ে অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের সঙ্গে কথা হয়েছে জানিয়ে হুমায়ুন বলেন, কর্তৃপক্ষ বিষয়টি পরবর্তী সরকারের ওপর ন্যস্ত করেছে। আগামী এপ্রিল মাসে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। তবে তার আগেই যেহেতু নির্বাচিত সরকার আসার সম্ভাবনা রয়েছে, সেক্ষেত্রে দ্রুত বিষয়টি পুনর্বিবেচনা এবং ফ্লাইট চালু রাখাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে মনে করেন এই বিএনপি নেতা।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সদস্য সচিব খসরুজ্জামান খসরু। লিখিত বক্তব্য পাঠ করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ও যুক্তরাজ্য বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ড. এম মুজিবুর রহমান।
উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক নাসিম আহমদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমদ, টিপু আহমদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শাহীন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য দেলোয়ার হোসেন শাহীন, শামীম আহমদ প্রমুখ।
প্রেস কনফারেন্সের মূল উদ্দেশ্য ছিল সাংবাদিকদের মাধ্যমে দেশবাসী ও বিশ্বব্যাপী অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের একটি গুরুত্বপূর্ণ ও ইতিবাচক অগ্রগতির বিষয় অবহিত করা।
সংবাদ সম্মেলনে জানানো হয় যে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃক আগামী ১ মার্চ ২০২৬ থেকে সিলেট–ম্যানচেস্টার রুটে সরাসরি ফ্লাইট স্থগিত করার ঘোষিত সিদ্ধান্ত যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সৃষ্টি করেছিল। বিশেষ করে সিলেট অঞ্চলের মানুষের জন্য এই রুটটি ছিল পারিবারিক যোগাযোগ, চিকিৎসা সেবা, শিক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম।
এই বাস্তবতার প্রেক্ষিতে যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ও রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেন্টিটিভ এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক ড. খলিলুর রহমানের সঙ্গে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করে। এ সময় প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য দাবিসমূহ সংবলিত একটি স্মারকলিপি তাঁর নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ড. খলিলুর রহমান অত্যন্ত ধৈর্য, আন্তরিকতা ও মনোযোগের সঙ্গে প্রবাসীদের যুক্তিসঙ্গত দাবিগুলো শুনেছেন। তাঁর গঠনমূলক ভূমিকা ও সদিচ্ছার ফলে অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সিলেট-ম্যানচেস্টার রুট স্থগিতের সিদ্ধান্তটি আপাতত কার্যকর না করার সিদ্ধান্ত নিয়েছে এবং বিষয়টি ভবিষ্যতে একটি নির্বাচিত সরকারের নীতিগত সিদ্ধান্তের ওপর ন্যস্ত করেছে।
এই দায়িত্বশীল ও দূরদর্শী অবস্থানের জন্য ড. খলিলুর রহমানের প্রতি যুক্তরাজ্য বিএনপি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকেও ধন্যবাদ জানানো হয়, কারণ তারা জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়েছেন।
লিখিত বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হুমায়ুন কবিরের প্রতি, যিনি এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতা ও পরামর্শ দিয়ে যাচ্ছেন। সংবাদ সম্মেলনে বলা হয়, এটি কোনো একক সংগঠনের বিজয় নয়; এটি প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার একটি নৈতিক সাফল্য। তবে এটি চূড়ান্ত সমাধান নয়। সিলেট-ম্যানচেস্টার রুটটি প্রবাসীদের জন্য অত্যন্ত জরুরি। বিশেষ করে বয়স্ক যাত্রী, রোগী ও শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে এই রুট স্থায়ীভাবে চালু রাখা এবং সপ্তাহে অন্তত তিনটি সরাসরি ফ্লাইট পুনর্বহাল করা প্রয়োজন।
একই সঙ্গে দাবি জানানো হয় যে, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করা হোক, যেখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সও ওঠানামা করতে পারবে। টিকিটের যৌক্তিক ভাড়া নির্ধারণসহ প্রবাসীবান্ধব বিমান নীতিমালা প্রণয়নের জোর দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
যুক্তরাজ্য বিএনপি ভবিষ্যতে প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ, অধিকার ও মর্যাদা রক্ষায় ধারাবাহিক ভূমিকা পালন করে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করে।
আইকে/টিএ