বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর দীর্ঘ সময় ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সেই সময়ের ঘটনাপ্রবাহ তার অভিনয়জীবনে গভীর প্রভাব ফেলে। ধীরে ধীরে রোল-ক্যামেরা-অ্যাকশন থেকে নিজেকে দূরে সরিয়ে নেন তিনি। কেটে গেছে প্রায় ছয় বছর।
অবশেষে ফের অভিনয়ে ফিরছেন রিয়া।
সম্প্রতি নেটফ্লিক্স তাদের আসন্ন বেশ কয়েকটি নতুন প্রজেক্টের ঘোষণা করেছে। সেই তালিকায় রয়েছে ‘ফ্যামিলি বিজনেস’ নামের একটি নতুন ওয়েব সিরিজ। এই সিরিজ দিয়েই দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন রিয়া চক্রবর্তী।
সিরিজটিতে তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বর্ষীয়ান অভিনেতা অনিল কাপুর ও জনপ্রিয় অভিনেতা বিজয় বার্মাকে।
নতুন কাজ ঘিরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত রিয়া। নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সিরিজটির টিজার, যা ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল বাড়িয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে।
মাদক সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয় এবং প্রায় এক মাস জেলেও থাকতে হয় অভিনেত্রীকে। সেই সময় থেকেই কার্যত থমকে যায় তাঁর অভিনয়জীবন।
কারামুক্তির পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরেন রিয়া চক্রবর্তী। এর আগে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, ‘অভিনয়ই আমার পরিচয়। এত কিছুর পরেও আমি কাজে ফিরতে চাই।
’
ছয় বছরের বিরতির পর ‘ফ্যামিলি বিজনেস’ দিয়ে রিয়ার এই প্রত্যাবর্তন কতটা সাফল্য পায়, এখন সেদিকেই তাকিয়ে দর্শক ও ইন্ডাস্ট্রি।
এমকে/টি