২০২২ সালের ২৬ জুলাই, বলিউডের পরিচিত মুখ শমিতা শেঠি প্রকাশ্যে ঘোষণা করেছিলেন, রাকেশ বাপটের সঙ্গে তার সম্পর্ক আর আগের মতো নেই। বিচ্ছেদের এই সিদ্ধান্তের পর শমিতার জীবন শান্তি এবং স্বাধীনতার পথে এগোতে শুরু করে। তবে তিন বছরেরও বেশি সময় কাটার পর সম্প্রতি ফের নতুন রোমান্সের গুঞ্জন ছড়িয়েছে। শমিতা আবার প্রেমে পড়েছেন, এবং তাঁর জীবনে নতুন ব্যক্তির নাম উঠেছে সামাজিক মাধ্যমের আলোচনায়।
ঘটনার সূত্রপাত ঘটে টেকনো শিল্পী দীপেশ শর্মার একটি পোস্টের মাধ্যমে। শমিতার জন্মদিনের পার্টি থেকে একটি ছবি তিনি ভাগ করে নেন, যেখানে দু’জনের মধ্যে স্পষ্ট রসায়ন ধরা পড়ে। দীপেশ লেখেন, “আমি যার সঙ্গে প্রাণখুলে হাসতে পারি, তাকে জন্মদিনের শুভেচ্ছা। এই মানুষটা আমার ব্যাপারে সব জানে, কিন্তু তাও আমার সঙ্গ ছাড়ে না। তোমাকে খুব ভালবাসি।” শমিতাও উত্তরে ভালোবাসার ইমোজি পোস্ট করেন। যদিও এখনো কোনও আনুষ্ঠানিক ঘোষণা নেই, কিন্তু সমাজমাধ্যমে এই প্রকাশ ইতিমধ্যেই সমালোচক ও দর্শকের নজর কেড়েছে।

শমিতার বিগ বস্ ওটিটি-তে রাকেশ বাপটের সঙ্গে সম্পর্ক ছিল সুপরিচিত, তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর শমিতা নিজের স্বাধীনতা এবং ব্যক্তিগত জীবনে শান্তি খুঁজে নিয়েছিলেন। বিচ্ছেদের পর সমাজমাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করে তিনি লিখেছিলেন, “একটা বিষয় পরিষ্কার করে দিই। রাকেশ বাপট ও আমি আর একসাথে নেই।” এই মন্তব্যের পরও শমিতা বিভিন্ন সমালোচনার মুখোমুখি হন। কেউ বলেছিলেন, “৫০ বছর বয়সেও অবিবাহিত থেকে গেলেন। এখনও জীবনে একটাও পুরুষকে রাখতে পারলেন না।” তার উত্তরে শমিতা পাল্টা বলেছিলেন, “নিজে মহিলা হয়ে, বিয়ে না করার জন্য অন্য এক মহিলাকে ছোট করবেন না। শান্তিতে থাকা ও স্বাধীনভাবে থাকা আমার জীবনের লক্ষ্য।”
এই দীর্ঘ সময়ের পর নতুন প্রেমের দিকে এগোয়া এবং ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় শুরু শমিতার জীবনকে আরও স্বতন্ত্র ও সাহসী রূপ দিচ্ছে। দর্শক ও ফ্যানরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন নতুন রোমান্স এবং শমিতার পরবর্তী পদক্ষেপের খবরে।
পিআর/টিকে