বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় শেরপুর ৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর
সেক্রেটারী নুরুজ্জামান বাদলের প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে। দলমত নির্বিশেষে মানুষের ঢল নামেজানাজায়। জানাজায় ইমামতি করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ টি এম মাছুম।
এর আগে মরহুমের স্মরণে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় জামায়াতসহ ১১ দলীয় জোটের নেতারাসহ বিএনপি নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেল ৫টায় শ্রীবরদী কলেজ মাঠে দ্বিতীয় জানাজা শেষে তার নিজ বাড়ির পাশেই পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
উল্লেখ গত ২৮ জানুয়ারি চেয়ারে বসাকে কেন্দ্র করে কয়েক দফায় জামায়াত-বিএনপি প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সেনা সদস্য, সাংবাদিকসহ উভয়পক্ষের অন্তত দুইশতাধিক নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা রেজাউল করিম। এর ঠিক ৬ দিনের মাথায় আজ কিডনি জনিত রোগে মারা গেলেন জেলা জামায়াতের সেক্রেটারী ও শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদল।
তার মৃত্যুতে স্থানীয় রাজনীতিতে শোকের ছায়া নেমে এসেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, আইনি বাধ্যবাধকতা অনুযায়ী প্রার্থীর মৃত্যুজনিত কারণে শেরপুর-৩ আসনের নির্বাচনি কার্যক্রম স্থগিত করা হয়েছে।
টিকে/