ভোলা-বরিশাল সেতু ও ভোলায় মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানালেন ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিজেপির চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের ঐতিহাসিক বেলস্ পার্ক মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী বিশাল জনসভায় এই দাবি জানান তিনি। ওই সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
জনসভায় আন্দালিব রহমান পার্থ তার বক্তব্যে বলেন, তারেক রহমান বাংলাদেশে চলে এসেছেন। আর সাত দিন পর নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই এরই মধ্যে দেশে যতগুলি জনসভা দেখলাম, তারেক রহমান ইতিমধ্যে বাংলাদেশের মানুষের হৃদয়ের প্রধানমন্ত্রী হয়ে গিয়েছেন ইনশাআল্লাহ। এই হৃদয়ের প্রধানমন্ত্রীকে ভোলাবাসীর তরফ থেকে সবার আগে একটা দাবি জানাতে চাই, আমাদের হৃদয়ের প্রধানমন্ত্রী আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী। আপনি আমাদের ভোলা বরিশাল সেতু করে দিবেন ইনশাল্লাহ।
পার্থ আরো বলেন, এই ভোলাকে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন (শিল্পায়ন) করতে হবে। ভোলায় যত বক্তব্য আছে খালি বলে ভোলার গ্যাস কীভাবে আনবো।কিন্তু ভোলাকে কী দিব- তা কেউ বলে না।
তারেক রহমানকে উদ্দেশ্য করে জেপির শীর্ষ এই নেতা বলেন, আপনার কাছে বলতে চাই, যেভাবে গণতন্ত্রের পক্ষে ছিলাম যেভাবে জাতীয়তাবাদী শক্তির পক্ষে ছিলাম, আপনি ভোলার মেডিকেল কলেজ আর ভোলার বরিশাল সেতুটা করে দেন। সারাজীবন জাতীয়তাবাদীর পক্ষে থেকে এই গণতন্ত্রের পতাকা উত্তোলন করে রাখবো।
সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও মিত্র জোটের প্রার্থীরা উপস্থিত ছিলেন। এছাড়া বিভাগের ছয় জেলা থেকে হাজারো মানুষ সমাবেশে অংশ নিয়ে তারেক রহমানকে সমর্থন জানান।
এমআর/টিকে