অবশেষে প্রকাশ পেল বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র দো দিওয়ানে শহর মে- এর ট্রেলার, আর তাতেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে আলাদা এক উচ্ছ্বাস। মৃণাল ঠাকুর ও সিদ্ধান্ত চতুর্বেদী অভিনীত এই ছবিতে প্রেমকে দেখানো হয়েছে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে- চকচকে, নিখুঁত ভালোবাসা নয়; বরং নীরবতার ভাঁজে জন্ম নেওয়া, ভঙ্গুর অথচ গভীর এক সম্পর্কের গল্প।
জি স্টুডিওস ও ভনসালি প্রোডাকশনের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমা রোমান্টিক গল্পের চিরচেনা ছক থেকে সরে এসে প্রেমকে তুলে ধরেছে জীবনের চলমান অভিজ্ঞতা হিসেবে।
শহরের কোলাহলময় বাস্তবতার ভেতর দুই মানুষের ধীরে ধীরে কাছাকাছি আসার যাত্রাই এখানে মূল উপজীব্য। তারা একে অপরকে পরিপূর্ণ করে তোলে না, বরং সহমর্মিতা, বোঝাপড়া আর আত্মঅন্বেষণের মধ্য দিয়ে সহাবস্থানের নতুন ভাষা খুঁজে নেয়।
ট্রেলারের দৃশ্যায়ন ও আবেগঘন উপস্থাপন ইতিমধ্যেই দর্শকদের মনে দাগ কেটেছে। নিছক কল্পনার প্রেম নয়, বরং বাস্তব জীবনের টানাপোড়েন, সম্পর্কের বেড়ে ওঠা আর গ্রহণযোগ্যতার গল্পই যেন ফুটে উঠেছে প্রতিটি ফ্রেমে। পরিপূর্ণতার মোহ ছেড়ে অসম্পূর্ণতার সৌন্দর্যকে আলিঙ্গন করার এক নির্মল বার্তাই দিচ্ছে এই ট্রেলার।
এসকে/এসএন