টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে নিউজিল্যান্ড দল এখন ভারতে। যদিও তারা বিশ্বকাপের প্রস্তুতি নিতে আগেই স্বাগতিক ভারতের বিপক্ষে সিরিজ খেলতে পৌঁছে যায় সেখানে। ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ৪-১ ব্যবধানে।
তবে আসর শুরুর আগেই বিপাকে পড়েছে কিউইরা। শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন দলের দুই গুরুত্বপূর্ণ ব্যাটার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে। তবে কোচ রব ওয়াল্টার আশাবাদী দুজন দ্রুতই সুস্থ হয়ে উঠবেন।
ওয়াল্টার জানান, অসুস্থতার কারণে রাচিন ও কনওয়ে মুম্বাইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলতে পারবেন না। পাশাপাশি কাঁধের চোট থেকে সেরে ওঠার পথে থাকা ওপেনার ফিন অ্যালেনকেও বিশ্রামে রাখা হবে।
বৃহস্পতিবার সাংবাদিকদের ওয়াল্টার বলেন, ‘দুর্ভাগ্যবশত দলে এই মুহূর্তে কিছুটা অসুস্থতা রয়েছে। ডেভন ও রাচিন ভাইরাস সংক্রমণে ভুগছে, যা সফরের অংশ হিসেবেই ধরে নেওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘রাচিন আমার পাশের ঘরেই আছে, আর সারারাত তার অবস্থা ভালো ছিল না। মনে হচ্ছে ও বেশ কষ্টেই আছে।’
রোববার চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের অভিযান শুরু করবে নিউজিল্যান্ড। চোটের কারণে ভারতের বিপক্ষে সদ্যসমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে না থাকা অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েলকে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে পাওয়া নিয়ে আশাবাদী কোচ।
ওয়াল্টার বলেন, ‘এই মুহূর্তে সবাই প্রথম ম্যাচের জন্য ফিট ও সুস্থ থাকার দিকেই এগোচ্ছে, যা আমাদের জন্য ভালো খবর।’
উপমহাদেশে এসে এখনও কাঙ্ক্ষিত ছন্দ খুঁজে পায়নি কিউইরা। জিমি নিশাম অসুস্থ হয়ে পড়েছেন, পেসার লকি ফার্গুসন ফিরছেন চোট কাটিয়ে।
ভারতের বিপক্ষে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে হারলেও ফার্গুসনের দুই উইকেট পাওয়াকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন ওয়াল্টার। অ্যাডাম মিলনে না থাকায় বিশ্বকাপে ফার্গুসনের ওপরই বড় দায়িত্ব থাকবে বলে জানান তিনি।
ওয়াল্টার বলেন, ‘বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করতে সে অবিশ্বাস্য পরিশ্রম করেছে। সে বলেছিল ধীরে শুরু করবে, কিন্তু ১৪৫ কিলোমিটার গতিতে বল করেছে। যদি এটাকে ধীরে বলা হয়, তাহলে সামনে কী আসছে তা দেখার অপেক্ষায় আছি।’
আরআই/টিকে