বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের এমপি প্রার্থী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) বলেছেন, ‘জামায়াতে ইসলামী বুঝে গিয়েছে ভোটে তারা ক্ষমতায় যেতে পারবে না। সুতরাং তারা কারচুপি করার জন্য নানা ষড়যন্ত্রের জাল বুনছে। কোনো ষড়যন্ত্রই সফল হবে না, বিএনপি শক্তিশালী দল।’
আজ বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) লালমোহন উপজেলার চরভুতা ইউনিয়নের দ্বীপশিখা মাধ্যমিক শিক্ষালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘আপনারা আমার চেহারা দিকে দেখে ধানের শীষে ভোট দেবেন। আমার ডানে-বাঁয়ে কারা আছে সেটি দেখার দরকার নাই। আমাকে ভোট দেবেন আবার আমার কাছ থেকে হিসেব বুঝে নেবেন। আপনারা যদি নির্বাচিত করেন লালমোহন ও তজুমদ্দিনে কোনো ধরনের দুর্নীতি এবং অপকর্ম করতে দেব না।
আমার কোনো নেতাকর্মী যদি দুর্নীতি বা অপকর্ম করে আপনারা সরাসরি আমাকে এসে বলবেন, দেখেন আমি তার বিচার করি কি না।’ মেজর হাফিজ বলেন, ‘জামায়াতে ইসলামীর নারীরা বাড়ি বাড়ি গিয়ে বোঝায় ফুলকপি-দাঁড়িপাল্লায় ভোট দিলে সরসারি বেহেশতে চলে যাবেন। ইসলাম ধর্মে এ ধরনের কোনো বিধান নাই। নামাজ বেহেশতের চাবি।
ইসলাম ধর্মে ভোট দিয়ে বেহেশতে যাওয়ার কোনো সুযোগ নাই। ইসলাম ধর্মের অনুশাসন, ইসলামী নির্দেশ আমাদের জন্য সব সময় শিরোধার্য। সুতরাং আমাদের জামায়াতে ইসলামীর কাছ থেকে ইসলাম শিখতে হবে না। আমরা জন্মগতভাবে মুসলমান আছি।’
তিনি বলেন, ‘গত ১৬ বছর আমাদের জন্য ছিল অন্ধকার যুগ। সে সময় যারা শেখ হাসিনার বিরোধিতা করেছে তাদের আয়নাঘরের খাঁচায় বন্দি করে দিনের পর দিন নির্যাতন করত। আওয়ামী লীগের সন্ত্রাসীরা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে। এখন সেখানে বসে শেখ হাসিনার নির্দেশে ষড়যন্ত্র করছে কিভাবে নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়া যায়, কিভাবে মানুষ হত্যা করে নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায়। আপনারা সজাগ থেকে এদেরকে প্রতিহত করবেন।’
এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আইকে/টিকে