চীনের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা করতে নতুন এক ধরনের যুদ্ধবিমানসদৃশ ড্রোন সফলভাবে পরীক্ষা করেছে তাইওয়ান ও যুক্তরাষ্ট্র। এই ড্রোনের নাম দেওয়া হয়েছে মাইটি হর্নেট (IV)।
সম্প্রতি আমেরিকার ওকলাহোমা সিটিতে এই ড্রোনের পরীক্ষা চালানো হয়। এটি তৈরিতে কাজ করছে মার্কিন কম্পানি ক্র্যাটোস ডিফেন্স এবং তাইওয়ানের সামরিক গবেষণা সংস্থা এনসিএসআইএসটি।
এই ড্রোন আকারে ছোট হলেও ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো বিধ্বংসী হামলা চালাতে পারে। এগুলো তৈরি করতে খরচ অনেক কম, তাই যুদ্ধের সময় একসঙ্গে কয়েক শ ড্রোন ব্যবহার করা সম্ভব হবে। এর মাধ্যমে অনেক দূর থেকেও শত্রুর ওপর আক্রমণ করা যাবে।
চীন ক্রমাগত তাইওয়ানের সীমানায় তাদের যুদ্ধবিমান ও ড্রোন পাঠাচ্ছে।
গত এক বছরে এই হার ২৩% বেড়েছে। তাইওয়ান মনে করছে, দামি যুদ্ধবিমানের বদলে প্রচুর পরিমাণে সস্তা ও শক্তিশালী ড্রোন থাকলে তারা চীনকে সহজে প্রতিহত করতে পারবে।
তাইওয়ানের সামরিক গবেষকরা জানিয়েছেন, আমেরিকার সঙ্গে এই যৌথ কাজের ফলে তারা খুব দ্রুত উন্নত প্রযুক্তির অস্ত্র তৈরি করতে পারছে, যা দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি।
সূত্র : রয়টার্স
এমআর/টিকে