ভোটারদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্ধবিশ্বাস নয়, যুক্তির বিচারে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের আহ্বান জানিয়েছেন নেত্রকোনা-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও স্কুল মাঠে নির্বাচনী জনসভায় এই আহ্বান জানান তিনি।
অভিযোগ করে কায়সার কামাল বলেন, ‘ধর্মপ্রাণ মুসল্লিকে প্রতারণার মাধ্যমে ভিন্নপথে প্রবাহিত করছে একটি দল। যারা ধর্মের নাম নিয়ে প্রতারণা করে, তারা ব্যক্তিপর্যায়ে সবক্ষেত্রে প্রতারণা করতে পারে।’
তিনি আরও বলেন, ‘ভোট মহামূল্যবান, অযোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত করলে সবাইকে ভুলের মাশুল দিতে হবে, তাই অন্ধবিশ্বাস বা আবেগ নয় বিবেককে কাজে লাগিয়ে সৎ যোগ্য প্রতিনিধি নির্বাচন করুন।’
পছন্দ না হলে ভোট না দেয়ার আহ্বান জানিয়ে ধানের শীষের এই প্রার্থী বলেন, ‘কিন্তু দুর্নীতি নিয়ে কেউ কখনো প্রশ্ন তুলতে পারবে না। কারণ, আমি কখনো কোনো দুর্নীতি করি নাই। ভোটারদের সুচিন্তিত মতামত থাকলে অর্থাৎ ভোট দিয়ে জয়যুক্ত করলে ইনসাফের সঙ্গে দায়িত্ব পালন করবো।’
স্বাস্থ্য কার্ড, কৃষক কার্ড ও পরিবার কার্ড নিয়ে ন্যূনতম দুর্নীতি করলে নিজে বাদী হয়ে মামলা করবেন বলেও জানান কায়সার কামাল।
তিনি বলেন, ‘ভোটকেন্দ্রে বসে থেকে ফলাফল নেয়ার পর বাড়ি ফিরবেন। চূড়ান্ত বিজয় নিয়ে হাসিমুখে বিজয়ের মিছিলে ঘর ফিরবেন।’
এমআর/টিকে