আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না।
তিনি বলেন, ৭১ এবং ২৪ নিয়ে যারা রাজনীতি করতে চান, দয়া করে করবেন না ভাইয়েরা। একটা আমাদের স্বাধীনতা, আর একটা মুক্তি। স্বাধীনতা আর মুক্তি এক জিনিস না। স্বাধীনতা আর মুক্তি এক হতে পারে না। আপনাদের কর্মকাণ্ডকে আমরা অবশ্যই সম্মান করি, শ্রদ্ধা করি। আমি তো এটার সবচেয়ে বেশি উপকৃত একজন বান্দা, আপনাদের সামনেই আছি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে, মদন উপজেলায় আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এ মন্তব্য করেন তিনি।
লুৎফুজ্জামান বাবর বলেন, আমার নেতা (তারেক রহমান) বলেছেন, সবার আগে বাংলাদেশ। আমাদের জনগণের কল্যাণ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব। ওনার একটি প্ল্যান আছে, তার মানে উনি বাংলাদেশের জনগণকে নিয়ে চিন্তা করেন। ১৭ বছর উনি নির্বাসিত ছিলেন, উনি শুধু বসে ছিলেন না। চিন্তা করেছেন কি করা যায় বাংলাদেশের জন্য। ওনার সেই প্ল্যানটা এই মুহূর্তে জনসম্মুখে আনেন নাই। ওনার প্ল্যানের মধ্যে অনেক কিছু আছে, আমিও কিছু কিছু জানি, তবে সব জানি না।
আজকে যদি নির্বাচিত হন, ওনার কি কোনো চাওয়া-পাওয়া থাকবে? ওনার একমাত্র চাওয়া-পাওয়া হবে এই দেশের জনগণের স্বার্থের জন্য, জনগণের জীবনের জন্য ওনার জীবন দেওয়া এবং উনি সেটাই করে দেখাবেন। ওনার বাবা-মা জীবন দিয়েছেন, উনিও জীবন দেবেন জনগণের জন্য। তবে উনি দুইটা ঘোষণা দিয়েছেন- একটি হচ্ছে ফ্যামিলি কার্ড, আরেকটা হচ্ছে কৃষি কার্ড। এগুলোর কথা আপনারা ইতোমধ্যে শুনেছেন, আরও অনেক কিছু রয়েছে। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, তাহলে একটি পরিবর্তিত রাষ্ট্র দেখতে পারবেন। আমাদের রাষ্ট্রের পরিকল্পনা হচ্ছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। বেকারত্ব দূর করা, শিক্ষার মান উন্নয়ন করা, জনজীবনের মান উন্নয়ন উন্নত করা। আমরা চাই সবাই যাতে একটি পর্যায়ে আসে। যাত্রার মান যেন একটি পর্যায়ে আসে।
এ সময় তিনি আরও বলেন, বিদেশে একটি বড় অংশের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, পুরো বাংলাদেশের জন্য। এটার জন্য আমরা একটা বিশেষ উদ্যোগ নিচ্ছি, কীভাবে বিদেশে বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। আমরা জানি, একটা পরিবার থেকে যদি একজন লোক বিদেশে যায়, তাহলে সেই পরিবারটি সচ্ছল থাকে। আমরা এগুলো বুঝি, জানি। আপনারা অতীতেও দেখেছেন আমি কতটুকু কী করতে পারি। আল্লাহ যদি রহমত করে, আমার যতটুকু সাধ্য আছে, ইনশাল্লাহ পুরোটা দেব।