বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমিও এক মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। বর্তমান বাংলাদেশের চিত্র দেখলে আমার ভাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতেন না। মুক্তিযুদ্ধে শহীদদের স্বপ্ন ছিল, একটি সাম্য ও ন্যায়ের দেশ গড়া। কিন্ত দফায় দফায় যারা দেশ পরিচালনা করেছেন, তাদের ব্যর্থতার কারণেই জাতির আকাঙ্খিত স্বপ্ন পূরণ হয়নি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) হবিগঞ্জের নিউফিল্ড মাঠে এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির আরও বলেন, জীবন বাজি রেখে এবং জীবন দিয়ে যারা আমাদেরকে ঋণী করে গেলেন তাদের প্রতি এই দেশ, এই জাতি, রাজনৈতিক নেতৃবৃন্দ কি সম্মান দেখালো? শহীদরা স্বপ্ন দেখেছিলেন, সমাজে নিরাপত্তা থাকবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে। আসলে কিছুই হলো না। এর জন্য কারা দায়ী?
নারীদের নিরাপত্তার বিষয়ে বলতে গিয়ে ডা. শফিকুল রহমান বলেন, কিছু রাজনৈতিক বন্ধু আছেন, যারা মা-বোনদের কাপড় খুলে ফেলতে চান। তাদের কি মা-বোন নেই? আপনারা নিজেদের মা-বোনদেরকে সম্মান করা শিখুন। যদি আপনাদের মা-বোনদেরকে সম্মান করা শিখে থাকেন, তাহলে এ দেশের ৯ কোটি মা-বোনদেরকে আপনারা সম্মান করতে পারবেন। আমরা এই ভাই-বন্ধুদেরকে বলব, প্লিজ এই অপকর্ম থেকে বিরত থাকুন।
টিজে/টিএ