থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গত ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা World STEM Invention & Innovation 2026 (WYSII 2026)-এ ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই প্রতিযোগিতায় বাংলাদেশের তরুণ উদ্ভাবকদের দল ‘Team EngloVoice’ তাদের অসাধারণ মেধার স্বাক্ষর রেখে স্বর্ণপদক (Gold Medal), MYSO Special Award এবং Best Poster Award—এই তিনটি সম্মাননা অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের মুখ উজ্জ্বল করেছে।
বাংলাদেশ ইয়াং সায়েন্টিস্টস অ্যান্ড ইনোভেটরস সোসাইটি (BYSiS)-এর সরাসরি তত্ত্বাবধানে টিম ইংলোভয়েস মূলত কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং ডিজিটাল ইনোভেশন ক্যাটাগরিতে তাদের ব্যতিক্রমী প্রকল্পটি উপস্থাপন করে। ৩০টিরও বেশি দেশের প্রায় ১,০০০ প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতাটি বৈশ্বিক রেকর্ডের কারণে ‘Malaysia Book of Records’-এ স্থান করে নিয়েছে, যা এই জয়ের গুরুত্বকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
এই সাফল্য প্রমাণ করে যে বাংলাদেশের তরুণরা কেবল স্বপ্ন দেখেই থেমে নেই, বরং তারা বিশ্বমানের প্রযুক্তিগত দক্ষতা ও নেতৃত্বের মাধ্যমে বৈশ্বিক প্ল্যাটফর্মে নিজেদের অবস্থান সুদৃঢ় করছে। বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বাংলাদেশের এই গৌরবময় অর্জন নতুন প্রজন্মের জন্য এক বিশাল অনুপ্রেরণা। এই অভাবনীয় সাফল্যকে যথাযথ প্রচারের মাধ্যমে আগামী দিনের উদ্ভাবকদের উৎসাহ যোগাতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও সমর্থন একান্ত কাম্য।
ইউটি/টিএ