© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই শহীদদের কাছে আমরা সবাই ঋণী: ফরিদা আখতার

শেয়ার করুন:
জুলাই শহীদদের কাছে আমরা সবাই ঋণী: ফরিদা আখতার

ছবি:সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:০৪ পিএম | ০৯ মার্চ, ২০২৫
জুলাই শহীদদের কাছে আমরা সবাই ঋণী বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। জুলাই এর শহীদ ও আহত পরিবারের সদস্যদের যে আর্থিক সাহায্য করা হচ্ছে তা যথেষ্ট নয়। তাদের কারণেই আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।

আজ রোববার (৯ মার্চ) খুলনা জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলন আমাদের দেখিয়ে দিয়েছে অন্যায়, অবিচার বাংলাদেশের ছাত্রসমাজ ও সাধারণ মানুষ কখনোই মেনে নেয় না। তাদের এ আত্মত্যাগেই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে।

উপদেষ্টা বলেন, বর্তমান সরকার আহতদের যতদিন প্রয়োজন ততদিন চিকিৎসা সুবিধা দেবে। আহত ও শহীদ পরিবারদের সহায়তার জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি অধিদপ্তর হচ্ছে। ছাত্ররা নারী নির্যাতনসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি সঠিক রাখতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ভূমিকা রাখতে পারেন।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে জুলাই বিপ্লবে খুলনার ৬১ জন আহতদের মধ্যে ৪০ জনের প্রত্যেককে এক লক্ষ টাকার চেক প্রদান করা হয়। এ নিয়ে মোট ৫৩ জনকে আর্থিক সহায়তা প্রদান করেছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন।

এর আগে অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং জুলাই বিপ্লব নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এসএম/টিএ

মন্তব্য করুন