© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যশোরে বোমা বিস্ফোরণের ঘটনায় আহত দুই ভাইবোনের একজনের মৃত্যু

শেয়ার করুন:
যশোরে বোমা বিস্ফোরণের ঘটনায় আহত দুই ভাইবোনের একজনের মৃত্যু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২৩ পিএম | ১৯ মে, ২০২৫
যশোরে ঘরে বোমা বিস্ফোরণের ঘটনায় আহত দুই ভাইবোনের মধ্যে চার বছর বয়সী শিশু খাদিজা অবশেষে মারা গেছে। উন্নত চিকিৎসার উদ্দেশে ঢাকায় নেওয়ার পথে গোপালগঞ্জের মুকসুদপুরে পৌঁছলে তার মৃত্যু হয়।

আজ সোমবার (১৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে নিহতের বাবা শাহাদত গাজী মোবাইলফোনে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ডাক্তারদের পরামর্শে খাদিজাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। কিন্তু পথেই আমার মেয়ে আমাদের ছেড়ে চলে যায়। এখন তার নিথর দেহ নিয়ে ফিরে আসছি।

যশোর পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) নূর-ই-আলম সিদ্দিকী বলেন, ‘আমরা শুনেছি শিশুটি মারা গেছে। কিন্তু নিশ্চিত না হয়ে বলতে পারছি না।’

আজ সোমবার সকাল ৮টার দিকে যশোর শহরের শঙ্করপুর গোলপাতা মসজিদের পাশে নূর-উন-নবীর বস্তিতে এই ঘটনা ঘটে। ঘরের ভেতরে বোমা বিস্ফোরণে খাদিজা (৪) ও সজিব (৭) নামে দুই শিশু আহত হয়। তাদের মধ্যে খাদিজার অবস্থা আশঙ্কাজনক ছিল।

স্থানীয় একটি সূত্র জানায়, শিশুরা যে কক্ষে থাকে, এর পাশেই থাকে মুসা ওরফে সাগরের মা। মুসা শাহাদতের ঘরে বসে বোমা তৈরি করে। সম্ভবত তার তৈরি বোমা বিস্ফোরণেই এই দুর্ঘটনা ঘটেছে।

এদিকে, বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। সেখানে উপস্থিত যশোরের পুলিশ সুপার রওনক জাহান বলেন, ‘বিস্ফোরিত বোমার ধরন বোঝা যাচ্ছে না। বোমার ধরন জেনে এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আরআর/এসএন

মন্তব্য করুন