ঈদে স্বর্ণের দামে স্বস্তির হাওয়া
ছবি: সংগৃহীত
০৫:১৯ পিএম | ০৭ জুন, ২০২৫
ঈদুল আজহার ছুটিকে ঘিরে সংযুক্ত আরব আমিরাতের স্বর্ণ বাজারে নেমেছে স্বস্তির সুবাতাস। এক সপ্তাহের তুলনায় প্রতি গ্রাম ২৪ ক্যারেট স্বর্ণের দাম কমে দাঁড়িয়েছে ৩৬৯.২৫ দিরহাম, যা আগে ৩৭৮ দিরহাম ছিল। এতে করে স্বর্ণপ্রেমী ক্রেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে, আর স্বর্ণ ব্যবসায়ীরা আশা করছেন ঈদের দু’দিনে দোকানগুলোতে বিক্রি ফিরবে চূড়ান্ত গতি। খবর গালফ নিউজের।
শুক্রবার (৬জুন) বিকেল থেকেই স্পট গোল্ডে বড় ধরনের পতন লক্ষ করা গেছে। বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৪০ ডলারের বেশি কমেছে দাঁড়িয়েছে ৩ হাজার ৩১১ মার্কিন ডলার। এই পতনের সঙ্গে সঙ্গেই দুবাইয়ের বাজারে স্বর্ণের দাম ৩৭০ দিরহামের নিচে নেমে আসায় ক্রেতারা দোকানমুখী হচ্ছেন।
এক স্বর্ণ ব্যবসায়ী বলেন, ‘গত সপ্তাহজুড়ে বিক্রি ছিল একদমই দুর্বল। সবাই অপেক্ষা করছিলেন দাম কমার আশায়। ৩৭০ দিরহাম মানসিকভাবে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। এখন দাম কমেছে, তাই দোকানে ক্রেতার ভিড় বাড়ছে।’
দুবাই গোল্ড সুক, শপিং মল ও হাইপারমার্কেটে অবস্থিত স্বর্ণের দোকানগুলোতে শনিবার (৭ জুন) ও রোববার (৮ জুন) উল্লেখযোগ্য বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা।
বিশেষ অফার, ছাড় এবং ঈদের সাজসজ্জা ক্রেতাদের আকৃষ্ট করছে। এক ব্যবসায়ী জানান, ‘এই দামটাই আমাদের দরকার ছিল। এখন আমাদের ওপর দায়িত্ব কিভাবে অফার ও ছাড় দিয়ে ক্রেতাদের আকৃষ্ট করা যায়।’
প্রতিদ্বন্দ্বী বাজার সৌদি আরবে ২২ ক্যারেট স্বর্ণের দাম বর্তমানে প্রতি গ্রাম ৩৮৪ দিরহাম। এতে করে অনেক প্রবাসী ও পর্যটক দুই দেশের দামের তুলনামূলক বিশ্লেষণ করছেন।
বিশ্লেষকরা বলছেন, আপাতত স্বর্ণের দাম ৩৫০ দিরহাম পর্যন্ত নামার সম্ভাবনা ক্ষীণ। এক আর্থিক বিশ্লেষক জানান, ‘বর্তমানে স্বর্ণ ও টেসলার মতো বিনিয়োগমুখী পণ্যের দামে সাময়িক পতন দেখা যাচ্ছে। তবে এটি দীর্ঘস্থায়ী হবে কিনা, তা বলার সময় এখনও আসেনি।’
আরআর/টিএ