© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কেরানীগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি উচ্ছেদ

শেয়ার করুন:
কেরানীগঞ্জে সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি উচ্ছেদ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২১ পিএম | ২০ আগস্ট, ২০২৫

কেরানীগঞ্জে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাটের ঠিক বিপরীতে কেরানীগঞ্জ অংশে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযান চলাকালে প্রায় ২ একর দখলকৃত জমির ওপর নির্মিত বাংলোবাড়ির সীমানাপ্রাচীর ও অভ্যন্তরের স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়।

বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, ২০০৯ সালে জনস্বার্থে দায়ের করা এক রিটের আদেশে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদের নির্দেশ দেন হাইকোর্ট। নির্দেশনা অনুযায়ী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। 

সীমানা পিলারের অভ্যন্তরে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানান তারা। 

এর আগে, গত ৩০ এপ্রিল নসরুল হামিদের গুলশানে থাকা ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ দেন আদালত।

গত ১৬ জানুয়ারি দুদকের করা এক মামলায় নসরুল হামিদ ও তার স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত। 

দুদকের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নসরুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী সীমা হামিদের নামে জ্ঞাত আয়ের সঙ্গে ৬ কোটি ৯৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেন।

ইউটি/টিএ

মন্তব্য করুন