© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পদচিহ্ন অনুসরণ না করলে জনগণই আপনাদের রাস্তায় নামিয়ে আনবে: অর্থ উপদেষ্টা

শেয়ার করুন:
পদচিহ্ন অনুসরণ না করলে জনগণই আপনাদের রাস্তায় নামিয়ে আনবে: অর্থ উপদেষ্টা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:০৪ পিএম | ০৫ অক্টোবর, ২০২৫
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী তিন-চার মাসের মধ্যে আমাদের জন্য আরও চ্যালেঞ্জ আসবে। আমাদের অন্তত চেষ্টা করতে হবে যাতে পরবর্তী সরকারের জন্য একটি কার্যকর পদচিহ্ন রেখে যাওয়া যায়। যদি আপনারা নিজেরাই পদচিহ্ন অনুসরণ না করেন তাহলে জনগণই আপনাদের রাস্তায় নামিয়ে আনবে। ইতিহাসের আবারও পুনরাবৃত্তি হতে পারে।

শনিবার ( ৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের ১৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যাংক খাতের কর্মকর্তাদের শুধু প্রশিক্ষণ যথেষ্ট নয়। তাদের মনের প্রশিক্ষণও খুব গুরুত্বপূর্ণ। কারণ প্রশিক্ষিত কিন্তু অসৎ মানুষ অনেক সময় অপ্রশিক্ষিত মানুষের চেয়ে বেশি ক্ষতি করতে পারে।

নিয়ন্ত্রক সংস্থা ও নীতিনির্ধারণে কিছু ঘাটতি আছে মন্তব্য করে তিনি বলেন, মাত্র ১৪ মাসে আগের সব ভুল শুধরে ফেলা কঠিন। তাই জনগণের ধৈর্য দরকার। আমরা চেষ্টা করছি আগামী কয়েক মাসে কিছু মৌলিক সংস্কার কার্যকর করতে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের চেয়ারম্যান মামুন রশীদ এবং সমাপনী বক্তব্য রাখেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ও ফিন্যান্সিয়াল এক্সিলেন্স লিমিটেডের পরিচালক সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের (এসসিবি) সিইও নাসের এজাজ বিজয়, অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরীফ জহির, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার ও হাবিবুর রহমান, গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন প্রমুখ।

টিজে/টিকে

মন্তব্য করুন