© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পথে কাজাখস্তান

শেয়ার করুন:
ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পথে কাজাখস্তান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৫৪ পিএম | ০৭ নভেম্বর, ২০২৫
আব্রাহাম চুক্তির আওতায় কাজাখস্তান ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখস্তান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তার দ্বিতীয় মেয়াদে প্রথম দেশ হিসেবে আব্রাহম চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েলকে স্বীকৃতি দেবে কাজাখস্তান।

সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, তিনি কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসেম-জোমার্ত তোকায়েভ এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন।

তিনি বলেছেন, “বিশ্বব্যাপী সেতুবন্ধন তৈরিতে এটি একটি বড় পদক্ষেপ। আজ আমার আব্রাহাম চুক্তির মাধ্যমে আরও কয়েকটি দেশ শান্তি ও সমৃদ্ধির পথে লাইন ধরছে।”

“আমরা শিগগিরই এই পদক্ষেপকে আনুষ্ঠানিক রূপ দিতে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের ঘোষণা দেব। (কাজাখস্তান) ছাড়াও আরও অনেক দেশ এই শক্তির দলে যোগ দেওয়ার চেষ্টা করছে।”
“স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির জন্য দেশগুলোকে একত্রিত করার ক্ষেত্রে আরও অনেক কিছু করার আছে — প্রকৃত অগ্রগতি, প্রকৃত ফলাফল। শান্তিস্থাপনকারীরা ধন্য।”— লিখেছেন ট্রাম্প।

এদিকে ২০২০ সালে আব্রাহাম চুক্তির আওতায় সংযুক্ত আরব আমিরাত, মরক্কো, বাহরাইন এবং সুদান দখলদার ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপন ও তাদের দেশ হিসেবে স্বীকৃতি দেয়।

২০২৩ সালের শেষ দিকে সৌদি আরবও এ চুক্তিতে স্বাক্ষরের দ্বারপ্রান্তে ছিল। কিন্তু ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালানোর পর এবং হামাস-ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হলে সৌদি এ থেকে সরে আসে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিনে একাধিকবার বলেছেন, এ বছরের শেষ দিকে সৌদি আব্রাহাম চুক্তিতে যোগ দেবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল

ইএ/এসএন

মন্তব্য করুন