ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের পর তদন্তের অগ্রগতি ও খুনিদের গ্রেপ্তারে দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন জামায়েতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
রোববার (২১ ডিসেম্বর) সকালে রাজধানীর মগবাজারে শহীদ ওসমান হাদির মাগফিরাত কামনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত দোয়া অনুষ্ঠানে এই প্রশ্ন তোলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, ‘ওসমান হাদির খুনের বিচারের ব্যাপারে সরকারের নীরবতা কেন? খুনিদের পালিয়ে যাওয়ার ব্যাপারে গোয়েন্দা সংস্থায় লুকিয়ে থাকা ফ্যাসিস্টরা হয়তো সেটাই চেয়েছে।’
খুনিদের গ্রেফতারের ব্যাপারে সরকার কী পদক্ষেপ নিচ্ছে সেটা তুলে ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘নাহলে জনগণ এটাই বিশ্বাস করবে, সরকার সব জেনেও সেটা মেনে নিচ্ছে। যার জন্যই হোক, সেটা গোয়েন্দা সংস্থার লোক হলেও দ্রুতই ব্যবস্থা নিতে হবে।’
শহীদ শরিফ ওসমান হাদি যা চাইতেন, সেটা যারা চায় না তারাই তাকে হত্যা করেছে বলেও অভিযোগ করেন জামায়েতের সেক্রেটারি জেনারেল
খুনের তদন্তে প্রয়োজনে জাতিসংঘের কারিগরি সহায়তা নেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিস্টদের পুনর্বাসন কেউ করতে চাইলে জনগণ ছেড়ে দেবে না। যারাই জড়িত তাদের নাম প্রকাশ করুন।’
জামায়াতের মনোনীত সংসদ সদস্যরা নিরাপত্তা শঙ্কায় রয়েছেন জানিয়ে গোলাম পরওয়ার বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার হাদির ওপর গুলি করাকে বললেন- এটা নাকি একটি বিচ্ছিন্ন ঘটনা! তফসিল ঘোষণার পরদিনই একজন সংসদ সদস্য পদ প্রার্থীর হত্যাকাণ্ডের দায় তাকেও নিতে হবে।’
অনুষ্ঠানে হাদির বড়ো ভাই আবু বকর সিদ্দিক বলেন, ‘আমরা কারো কাছে কোনো অনুদান চাই না। আমরা চাই হাদির সাম্যের বাংলাদেশ, চাই তার হত্যার বিচার।’
এমআর/টিকে