বিক্রান্ত ম্যাসির প্রথম আন্তর্জাতিক প্রজেক্ট ‘হোয়াইট’-এ তাঁর প্রস্তুতি নিয়ে মুখ খুলেছেন পরিচালক মন্টু বাস্সি। ছবিতে তিনি আধ্যাত্মিক নেতা শ্রী শ্রী রবিশঙ্করের ভূমিকায় অভিনয় করবেন। যদিও এখনও বিক্রান্তের লুক প্রকাশ্যে আসে নি, পরিচালক জানান, “ও ভীষণ প্রতিভাবান। লুক ট্রান্সফরমেশনের জন্য প্রতিদিন পাঁচ ঘণ্টা প্রস্থেটিক্স পরেন এবং ১২ ঘণ্টা শুটিং করতে হয়। তবুও কখনও বিরক্ত হয়নি।”
মন্টু বাস্সি স্পষ্ট করেছেন, ‘হোয়াইট’ কোনো বায়োপিক নয়। এটি একটি গ্লোবাল পলিটিক্যাল থ্রিলার, যেখানে ৫২ বছরের দীর্ঘ সংঘর্ষ ও প্রায় আড়াই লাখ প্রাণহানির পটভূমিতে শান্তিদূতের ভূমিকায় শ্রী শ্রী রবিশঙ্কর বিরোধীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান আনেন।
ছবিতে বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী রয়েছেন। লাতিন আমেরিকা বলিভিয়া, পানামা, কলম্বিয়া, ফ্রান্স, আর্জেন্টিনা এবং ভারতের সেরা প্রতিভাদের সঙ্গে শুটিং হয়েছে। ভাষার দিকেও বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে পরিচালককে, কারণ ছবিটি স্প্যানিশ ও ইংরেজি ভাষায় তৈরি।
মন্টুর কথায়, “আমি চাইনি বাইরের দৃষ্টিভঙ্গি থেকে তৈরি কোনও ছবি হোক। এই কারণেই ছবিটি তৈরি হতে পাঁচ থেকে ছয় বছর লেগেছে।” আগামী মে মাসে ‘হোয়াইট’ মুক্তির পরিকল্পনা রয়েছে।
পিআর/টিকে