বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটের জন্য অনেক নারীকে মনোনয়ন দিয়েছি। অথচ ওই দল জাতীয় সংসদে নির্বাচনের জন্য কোনো নারীকে মনোনয়ন দেয়নি। তাদের কর্মকাণ্ডেই বোঝা যায় তারা এ দেশের নারী সমাজকে ঘরে আবদ্ধ করে রাখতে চায়। তারা নারীদের অগ্রগতি, প্রগতি, সমৃদ্ধি ও মর্যাদা দিতে চায় না। এগুলো হলো মধ্যযুগীয় ভাবনা।
সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে উপজেলা ছাত্রদল আয়োজিত মৌলভি ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আমাদের দেশে অর্ধেক জনগোষ্ঠী নারী তেমনি পৃথিবীর প্রায় দেশেও তাই। এই অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে বা অন্ধকারে ফেলে রেখে কোনো দেশ বা পৃথিবী কখনো এগিয়ে যেতে পারে না।
১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নারী অবমাননার প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি। একটি দলের প্রধান নারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছে, যেটা নিয়ে সারা দেশে প্রতিবাদের ঝড় উঠেছে। আমরাও এই বক্তব্যের প্রতিবাদ জানাই। নারীদেরকে যারা অবমাননা করে, নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত হোক চায় না, তাদের পক্ষে এ দেশের নারী সমাজ থাকতে পারে না’।
১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নারী অবমাননার প্রতিবাদ জানানোর আহ্বান জানান তিনি।
তিনি আরো বলেন, ‘যারা এই অবমাননাকর বক্তব্য দিয়েছে তারা নারীদেরকে ঘরে আবদ্ধ করে রাখতে চায়, কর্মস্থলে যেতে দিতে চায় না, তারা নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার কথা বলছে যাতে নারীদের কর্মসংস্থান না হয়। অথচ এ দেশে সাম্য, বৈষম্যহীন ও গণতান্ত্রিক সুবিচারের রাষ্ট্র বিনির্মাণের জন্য মুক্তিযুদ্ধ ও ছাত্র গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল। কিন্তু একটি দল তার বিপরীতে দাঁড়িয়েছে।’
ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের নারী শিক্ষার প্রসারে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন বলেই আজ নারী শিক্ষার হার অনেক বেড়েছে।
আজকের ছাত্র-ছাত্রীরাই আগামীর বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধি নিয়ে আসবে। বিএনপির পরিকল্পনা নারী সমাজকে ক্ষমতায়ন, মর্যাদাবান ও অর্থনৈতিক সচ্ছলতা আনবে।’ অনুষ্ঠানে পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নূরী, উপজেলা ছাত্রদলের নেতাকর্মীসহ অন্যান্যরা বক্তব্য দেন। এরপর বৃত্তিপ্রাপ্ত ও কুইজ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সালাহউদ্দিন আহমদ।
আইকে/টিএ