অন্তর্বর্তী সরকারের পর যে সরকার দেশ পরিচালনার দায়িত্বে আসবে, অর্থনীতি স্থিতিশীল রাখতে তাদের নানামুখী চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলে সতর্ক করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, ‘অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে মোটামুটি স্থিতিশীল করার চেষ্টা করেছে, অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। সামনের চ্যালেঞ্জ আরো বড়।’ আজ সোমবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সোনালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘সংস্কার আমরা যা করেছি, তা এনাফ নয় তবে সামনের সরকারের জন্য তা সহায়ক হবে। আরো ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে চ্যালেঞ্জগুলো।’ আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্য দিয়ে দেশ পরিচালনার দায়িত্বভার নির্বাচিত সরকারের হাতে যাবে।
ওই সরকারের সময়ে সোনালী ব্যাংকের কর্মকর্তারা যাতে পেশাদারি ভূমিকা পালন করেন, সেই আহ্বান জানিয়ে অর্থ উপদেষ্টা বলেন, “রাজনৈতিক সরকারের সময়ে চাপ আসবে; তাদের সরাসরি ‘না’ বলা যাবে না। নেগোশিয়েট করার ক্ষমতায় যেতে হবে; তাদের অর্থনীতির নীতি বোঝাতে হবে, ব্যাংকিং আইন, অডিটের নর্মস দেখাতে হবে।”
রাজনৈতিক সরকারের সময়ে এভাবে আলোচনা ও সমঝোতা করে ঋণ বিতরণের পরামর্শ দেন সালেহউদ্দিন আহমেদ। ঋণ বিতরণে বড় ব্যবসায়ীদের চেয়ে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘কর্মসংস্থান তৈরিতে তারা ভুমিকা রাখে। এ জন্য তাদের ঋণ দিতে হবে বেশি।’
আইকে/টিএ