বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। অভিনয়ের বাইরেও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় জীবনের নানা মুহূর্ত ভাগ করে নেন তিনি। এবার নীরবে কাটানো জীবন সংগ্রাম ও প্রয়াত বাবা হরিবংশ রাই বচ্চনের লেখা থেকে কিছু কথা শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর চারটায় বাবার জীবন দর্শন ও নীরবতার শক্তি নিয়ে নিজের অভিমত নিয়ে পোস্ট করেন অমিতাভ বচ্চন। জীবন এবং স্ট্রাগল নিয়ে বাবার ভাবনা প্রসঙ্গে অভিনেতা লেখেন, ‘আমার বাবা বলতেন, জীবন হলো সংগ্রামে পরিপূর্ণ। তিনি নিজেও দীর্ঘদিন ধরেই স্ট্রাগল করেছেন। জীবন থাকলে সংগ্রাম তো থাকবেই।’
ভারতীয় চলচ্চিত্রের মেগাস্টার তার বাবা এবং লেখক ফিরাক গোরখপুরীর আবেগ এবং দর্শনের মধ্যে বেশ কিছু মিল তুলে ধরে বলেন, ‘ফিরাক গোরখপুরীজি ছিলেন এলাহাবাদের বাসিন্দা।
বাবার খুব ভালো বন্ধু ছিলেন। তার কবিতা ছিল সামাজিক ব্যবস্থা, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে। ঠিক বাবার মতোই যিনি কোনোদিন জাতপাত নিয়ে ভাবেননি। তবে তাদের আবেগে ছিল অনেকটা মিল।’
একইসঙ্গে রাতের নীরবতার মধ্যে যে প্রবল শক্তি আছে সে কথা উল্লেখ করে তিনি লেখেন, ‘৩ ফেব্রুয়ারি, ২০২৬। এখন প্রায় ৪টা। আমি রাতের নীরবতায় আচ্ছন্ন। সারাদিন ধরে আপনার মনে যে চিন্তাভাবনা আসতে থাকে তার চেয়ে নীরবতার জোর আরও অনেক বেশি। প্রশান্তির এক সতেজ মুহূর্ত। যতক্ষণ না আপনি সোশ্যাল মিডিয়ার ফাঁদে পড়ছেন।’
একইসঙ্গে এই সুন্দর পৃথিবীর কথা উল্লেখ করে অমিতাভ লেখেন, ‘কী অসাধারণ একটা পৃথিবীতে আমরা বাস করি। যেখানে ৮.২ বিলিয়ন মানুষের বিকল্প পেশা হলো সাংবাদিকতা, যোগাযোগ স্থাপন করা, মতামত তৈরি করা ও তথ্য আদান-প্রদান।’
এমকে/টিএ