পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী মাসুদ সাঈদী বলেন, ‘সাম্প্রদায়িক সম্প্রীতি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। যদি জাতিতে জাতিতে কিংবা ধর্মে ধর্মে হানাহানি হয় তাহলে জাতীয় অগ্রগতি ও উন্নয়ন ব্যাহত হবে। এ কারণে যেকোনো মূল্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। এ ক্ষেত্রে সব রাজনৈতিক দলকে সমানভাবে কাজ করতে হবে।
বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সৌহার্দ্যের দেশ। এ দেশে নানা জাতি-গোষ্ঠী ও ধর্মের লোক বসবাস করে। এটাই বাংলাদেশের সৌন্দর্য।’
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মালিখালী ইউনিয়ন পরিষদের মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী মালিখালী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত হিন্দু-মুসলিম সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাসুদ সাঈদী বলেন, ‘আমাদের দেশের মানুষ স্বভাবগতভাবেই ধর্মপ্রাণ। কিন্তু তারা অন্যান্য ধর্মের সঙ্গেও চমৎকার সম্পর্ক রক্ষা করে চলে। এটিই ধর্মের সৌন্দর্য। আমরা দেশটাকে সব ধর্ম দিয়ে ফুলের বাগানের মতো সাজাব।
চেতনার গল্প শুনিয়ে যারা দেশের জনগণকে বিভ্রান্ত করে জনগণের অধিকার যারা লুটপাট করেছে, তাদের জায়গা বাংলাদেশে আর হবে না। চব্বিশের যুবসমাজ অতীতের বস্তাপচা রাজনীতির জন্য লড়াই করেনি। তারা পরিবর্তন চেয়েছে। ১৩ ফেব্রুয়ারি থেকে বাংলাদেশে সে পরিবর্তনের সূচনা হবে ইনশাআল্লাহ।’ তিনি বলেন, “আমরা সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই।
দুর্নীতি, চাঁদাবাজি ও সিন্ডিকেটমুক্ত বাংলাদেশ চাই। যুবসমাজের জন্য ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই, নৈতিক শিক্ষাসহ শিক্ষাব্যবস্থা ঢেলে সাজাতে চাই। আমরা দুর্নীতির বিরুদ্ধে সত্যিকারের জিরো টলারেন্স নীতি নিতে চাই। আমরা ‘দুর্নীতি করব না, দুর্নীতিকে প্রশ্রয় দেব না’- এটাই আমাদের অঙ্গীকার।”
‘আমরা জাতির শাসক হবো না, সেবক হবো’ উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, ‘আমরা একটি নতুন বাংলাদেশ গঠন করতে চাই। যে বাংলাদেশে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীরা জনগণের সেবক হয়ে উঠবেন।
কারো নাম উল্লেখ না করে মাসুদ সাঈদী বলেন, ‘একটি দল গভীর রাতে মানুষের বাড়িতে বাড়িতে যাচ্ছেন। তারা কাউকে হুমকি দিচ্ছেন, আবার কাউকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছেন। কেউ যদি টাকা দিয়ে ভোট কিনতে আসে, তাদের আইনের হাতে তুলে দেবেন। কেন না যারা টাকা দিয়ে ভোট কিনতে চায় তারা মূলত মানুষের দারিদ্র্যতার সঙ্গে তামাশা করছে, মানুষকে অপমান করছে। অতীতের মতো ভোট কেনাবেচার রাজনীতি যারা করতে চায় তারা গণতন্ত্রের শত্রু, তারা দেশের শত্রু।’
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে দেশ মুক্ত হবে, বাংলাদেশে গনতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে এবং বাংলাদেশ উন্নত এক দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হবে। তাই, দেশ গড়তে আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ সদস্য পদের নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিন এবং গণভোটে ‘হ্যাঁ’তে ভোট দিন। আপনি নিজে ভোট দিন এবং আপনার পরিচিত সবাইকে ভোট দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদের ভোটকেন্দ্রে নিয়ে আসুন, দেশ পাল্টে দিন। মনে রাখবেন, দেশ পরিবর্তনের চাবি এখন আপনার হাতে।
মালিখালী ইউনিয়ন সভাপতি মো. আব্দুল্লাহ নেওয়াজের সভাপতিত্বে এই নির্বাচনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নাজিরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যঅড. আবু সাইদ মোল্লা, সাবেক এমএনএর ভাতিজা ডা. বিভাষ বসু, তপন মন্ডল, সুজিত গাইন, নাজমুল ইসলাম, মনোজ কান্তি প্রমুখ।
এসকে/এসএন