নিজের ব্যক্তিগত জীবনের এক বেদনাদায়ক অধ্যায় নিয়ে মুখ খুললেন অভিনেত্রী মৃণাল ঠাকুর। আসন্ন ছবি ‘দো দিওয়ানে শহর মে’ প্রচারের সময় অতীত সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এক সময়ের প্রেমিক তাঁর সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিলেন শুধুমাত্র তাঁর ব্যক্তিত্ব ও পেশাগত স্বপ্নের কারণে। মৃণালের ভাষ্য অনুযায়ী, তাঁকে নাকি অতিরিক্ত দৃঢ়চেতা ও আত্মবিশ্বাসী মনে করতেন সেই ব্যক্তি এবং একজন সফল অভিনেত্রী হওয়ার তাঁর আকাঙ্ক্ষা মেনে নিতে পারেননি।
মৃণাল বলেন, অভিনয়জগতে তাঁর ক্রমশ এগিয়ে চলাই ওই সম্পর্কে অস্বস্তির জন্ম দেয়। নিজের কাজ ও ভবিষ্যৎ নিয়ে তিনি যেভাবে স্পষ্ট ও দৃঢ় ছিলেন, তা প্রেমিকের কাছে গ্রহণযোগ্য হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত সেই মানসিক দূরত্বই বিচ্ছেদের কারণ হয়। তবে এই সম্পর্ক ভাঙা নিয়ে কোনো অনুশোচনা নেই বলেই স্পষ্ট করে দিয়েছেন অভিনেত্রী।
তাঁর মতে, নেতিবাচক মানসিকতার একজন মানুষের সঙ্গে জীবন কাটালে তার প্রভাব শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, ভবিষ্যৎ প্রজন্মের মূল্যবোধেও তা ছাপ ফেলতে পারে। তাই সময়মতো সরে আসাকেই তিনি সঠিক সিদ্ধান্ত বলে মনে করেন। অতীতের কষ্টের কথা বারবার সামনে আনেন কেন, এমন প্রশ্নের জবাবে মৃণাল জানান, নিজের জীবনের সত্যি অভিজ্ঞতা তুলে ধরাই তাঁর বেড়ে ওঠার প্রমাণ।
প্রেমকাহিনিনির্ভর শক্ত চরিত্রে অভিনয় করেও বাস্তব জীবনের ভাঙনের গল্প বলায় ভক্তদের কৌতূহল তৈরি হলেও, মৃণালের বিশ্বাস, সততাই একজন মানুষকে পরিণত করে। কাজের দিক থেকে সামনে তাঁর ব্যস্ত সময়সূচি। শিগগিরই তাঁকে দেখা যাবে আদিভি শেশের সঙ্গে ‘ডাকুয়েট’ ছবিতে, যা মুক্তি পাবে দুই হাজার ছাব্বিশ সালের গ্রীষ্মে।
এসএস/টিএ