দ্বিতীয় সন্তানের জন্মের পরও কাজের ব্যস্ততায় কোনো ছেদ পড়েনি ভারতী সিংয়ের জীবনে। হাসির মঞ্চে যাঁকে সবসময় প্রাণখোলা রূপে দেখা যায়, বাস্তব জীবনেও সেই স্বতঃস্ফূর্ত ভঙ্গিতেই সামলাচ্ছেন সংসার আর পেশা দুটোকেই। গত ডিসেম্বরেই স্বামী হর্ষ লিম্বাচিয়ার সঙ্গে দ্বিতীয়বার পুত্রসন্তানের মা হয়েছেন এই জনপ্রিয় কৌতুকশিল্পী। বড় ছেলে লক্ষ্যর খেলার সঙ্গী বাড়লেও, শুটিং ফ্লোর থেকে ঘরের দায়িত্ব সব কিছুই সমান তালে ধরে রেখেছেন তিনি। এমন সময় তৃতীয় সন্তানের পরিকল্পনা নিয়ে প্রশ্ন ছুড়ে দেন আলোকচিত্রীদের একটি দল, আর সেখানেই নিজের স্বভাবসুলভ রসবোধে জবাব দিয়ে আবারও আলোচনার কেন্দ্রে উঠে এলেন ভারতী।

সম্প্রতি একটি রান্নাবিষয়ক অনুষ্ঠানের সেটের বাইরে তোলা একটি দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নতুন করে শুরু হয় আলোচনা। সেখানে সহশিল্পী কৃষ্ণ অভিষেকের পাশে দাঁড়িয়ে ভারতীকে ঘিরে ছিল কৌতূহলী প্রশ্নের বন্যা। তৃতীয়বার মাতৃত্বের পরিকল্পনা আছে কি না এই প্রশ্ন শুনে বিরক্ত না হয়ে উল্টো হাস্যরসেই উত্তর দেন তিনি। খরচের প্রসঙ্গ টেনে রসিকতার ছলে বলেন, সন্তানের দায়িত্ব নিতে চাইলে প্রশ্নকারীদেরই আগে সাহায্যের হাত বাড়াতে হবে। তাঁর কথায় উপস্থিত সকলে যেমন হেসেছেন, তেমনি মুহূর্তেই স্তব্ধও হয়ে পড়েছেন অনেকে। কৃষ্ণ অভিষেকও সুর মিলিয়ে উপহার আনার পরামর্শ দিয়ে পরিবেশটিকে আরও হালকা করে তোলেন।
ভারতী ও হর্ষের প্রথম সন্তানের নাম লক্ষ্য, যাকে স্নেহ করে সবাই গোল্লা নামে চেনে। বিদেশ সফরের সময়ই দ্বিতীয় গর্ভধারণের খবর প্রকাশ করেছিলেন এই দম্পতি। সে সময় মাতৃত্বকালীন আলোকচিত্রও ভাগ করে নিয়েছিলেন ভারতী, যেখানে নীল রেশমি পোশাকে ফুটে উঠেছিল তাঁর উচ্ছ্বাস। মজার বিষয়, নিজের শারীরিক গড়নের কারণেই তিনি নাকি প্রথম দিকে বুঝতেই পারেননি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি। তবু কাজ থেকে বিরতি নেননি, বরং মঞ্চে পারফরম্যান্স থেকে শুরু করে নানা অনুষ্ঠানে উপস্থিতি সবই চালিয়ে গেছেন সমানভাবে। একাধিক সাক্ষাৎকারে দ্বিতীয়বার মা হওয়ার ইচ্ছার কথাও জানিয়েছিলেন তিনি। তাই তৃতীয় সন্তানের প্রসঙ্গে তাঁর এই রসিক জবাব যেন তারকাসুলভ বুদ্ধিদীপ্ত উপস্থিতিরই আরেকটি দৃষ্টান্ত হয়ে রইল।
পিআর/টিকে