রাঙ্গুনিয়ার বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্নোত্তর পর্বে নতুন প্রজন্মের তরুণদের মুখোমুখি হয়েছেন চট্টগ্রাম-৭ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী হুমাম কাদের চৌধুরী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এমপি হই বা না হই, আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে রাঙ্গুনিয়া উপজেলার কাদেরনগরে হুমাম কাদের চৌধুরীর নিজস্ব অডিটোরিয়ামে এ প্রশ্নোত্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ, মাদরাসা, সামাজিক সংগঠনের কর্মী, গণমাধ্যমকর্মী, কনটেন্ট ক্রিয়েটর ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
এসময় হুমাম কাদের চৌধুরী বলেন, এখানে যারা উপস্থিত হয়েছেন তারা আগামী দিনের ভবিষ্যৎ। আপনারাই আগামীর বাংলাদেশ। আপনাদের মাধ্যমেই জুলাই আন্দোলন সফল হয়েছে। আগামীর রাঙ্গুনিয়া গড়তে আপনাদের পরামর্শ ও সহযোগিতা খুবই গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, এক ইউনিয়নে নির্বাচনী প্রচারণা করতে গিয়ে দেখেছি এক এমপি বাড়ি যাওয়ার জন্য সাড়ে ৪ কোটি টাকার সড়ক নির্মাণ করেছেন। অন্যদিকে আরেক ইউনিয়নে সড়কের বেহাল দশার কারণে গর্ভবতী নারীর মৃত্যু হয়েছে। আমি এমন উন্নয়ন চাই না। আমি রাঙ্গুনিয়ার সামগ্রিক উন্নয়ন চাই।
তিনি আরও বলেন, ছোটবেলা থেকেই প্রাণীদের প্রতি আমার এক অন্যরকম ভালোবাসা কাজ করে। রাঙ্গুনিয়ায় আমি একটি ইকোপার্ক করতে চাই। চট্টগ্রাম চিড়িয়াখানাকে আমি এভাবে রাখতে চাই না। আয়না ঘরে যেভাবে আমাকে রাখা হয়েছে, চিড়িয়াখানার প্রাণীদেরও সেভাবেই রাখা হয়েছে। আমি এটি পরিবর্তন করতে চাই। এটিকে সাফারি পার্কে রূপান্তর করতে চাই।
রাঙ্গামাটি সরকারি কলেজের অনার্সের শিক্ষার্থী সায়মা বিনতে সৈয়দ প্রশ্ন করেন, আপনি এমপি হলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বছরে একবার স্বশরীরে পরিদর্শন করবেন কি না?
উত্তরে হুমাম কাদের বলেন, আমি যদি বছরে একবার পরিদর্শন করি, তাহলে আগের এমপিদের মতো হয়ে যাব। আমি এমনটা করব না। আমি নিয়মিত স্বশরীরে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করব। ইমাম-মুয়াজ্জিনদের বেতন-ভাতা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় এ বিষয়ে আপনার পরিকল্পনা কী? এমন প্রশ্ন করেন মাদরাসা শিক্ষার্থী হামিদুল ইসলাম রাকিব।
হুমাম কাদের বলেন, আমি এমপি হই বা না হই, আগামী বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তিনি ইতোমধ্যে ইমাম-মুয়াজ্জিনদের পরিবার-পরিজন নিয়ে চলার মতো বেতন-ভাতার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন। আর এটি বাস্তবায়নে আমি কাজ করব, যাতে তারা স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন।
প্রজ্ঞেয়া যতি ভিক্ষু প্রশ্ন করেন, রাঙ্গুনিয়ার সব ধর্মের মানুষের শান্তি প্রতিষ্ঠায় আপনার পরিকল্পনা কী? উত্তরে হুমাম কাদের চৌধুরী বলেন, শান্তি-শৃঙ্খলা রক্ষায় যা যা করার প্রয়োজন, সব ধরনের কাজ করতে আমি প্রস্তুত।
এক তরুণ সাংবাদিকের প্রশ্ন ছিল, আপনি নির্বাচিত হলে বালুমহাল সিন্ডিকেট বন্ধ হবে কি না? জবাবে হুমাম কাদের বলেন, ১২ তারিখ নির্বাচন ১৩ তারিখ বৈধ হোক বা অবৈধ হোক সব ধরনের বালু উত্তোলন বন্ধ হবে।
এসএস/টিএ