পাকিস্তানের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল জিও টিভির সংগীতভিত্তিক রিয়েলিটি শো ‘পাকিস্তানি আইডল’-এর বিচারকের আসনে এবার দেখা যাবে বাংলাদেশের দুই সংগীতশিল্পীকে। এরা হলেন হোমায়রা বশীর ও রাজা বশীর।
হোমায়রা বশীর ও রাজা বশীরের আরও একটি বড় পরিচয় হলো তারা বাংলাদেশের বরেণ্য সংগীতশিল্পী দম্পতি বশীর আহমেদ ও মীনা বশীরের সন্তান। সম্প্রতি সংগীতের দুই উজ্জ্বল নক্ষত্র অংশ নেন ‘পাকিস্তানি আইডল’-এর শুটিংয়ে।
জানা যায়, অতিথি বিচারকের আমন্ত্রণে সাড়া দিয়ে গত ২৮ জানুয়ারি করাচির ফিল্ম ফ্যাক্টরি স্টুডিওতে গভীর রাত পর্যন্ত শুটিংয়ে অংশ নেন হোমায়রা ও রাজা বশীর। ‘পাকিস্তান আইডল’-এর ‘ভালোবাসা এবং বন্ধুত্ব’ শিরোনামের বিশেষ পর্বে বিচারকের আসনে আরও ছিলেন আলমগীর হক, রাহাত ফতেহ আলী খান, জেব বাঙ্গাশ ও বিলাল মাকসুদ।
পুরো অনুষ্ঠানজুড়ে দেশের খ্যাতিমান সংগীতশিল্পী বশীর আহমেদকে সম্মান জানানো হয়। গাওয়া হয় তার জনপ্রিয় বাংলা ও উর্দু গান।
শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে সংবাদমাধ্যমে হোমায়রা বশীর বলেন, সেটে ঢোকার সময় ওপর থেকে ফুলের পাপড়ি ছিটিয়ে তাদের স্বাগত জানানো হয়। রাহাত ফতেহ আলী খান ‘ওয়েলকাম টু বশীর আহমেদ মিউজিক ইন্ডাস্ট্রি’ বলে শুভেচ্ছা জানান। পুরো অনুষ্ঠানজুড়ে বাবার প্রতি যে সম্মান ও ভালোবাসা দেখানো হয়েছে, তা সন্তান হিসেবে আজীবন মনে রাখবো।
রাজা বশীর বলেন, বাবার গাওয়া ও সুর করা বাংলা-উর্দু গান এখনো কতটা জনপ্রিয়, তা সরাসরি দেখার সুযোগ হলো। দর্শক ও শিল্পীদের আন্তরিক সাড়া প্রমাণ করে শুধু বয়স্করাই নন, নতুন প্রজন্মের শ্রোতারাও বশীর আহমেদের গান ভালোভাবেই জানেন।
প্রসঙ্গত, ‘পাকিস্তান আইডল’-এর ‘ভালোবাসা এবং বন্ধুত্ব’ শিরোনামের বিশেষ পর্বে বিচারকের আসনে অভিনেতা ফাওয়াদ খানও ছিলেন। তবে ইচ্ছা থাকার পরও ব্যক্তিগত বিশেষ প্রয়োজনে সেদিনের শুটিংয়ে তিনি উপস্থিত থাকতে পারেননি।
টিজে/এসএন