ক্রিস্তিয়ানো রোনালদোর অসন্তোষ, সৌদি প্রো লিগের কড়া অবস্থান আর আল নাসরের নীরবতা- সব মিলিয়ে সৌদি ফুটবলে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ট্রান্সফার ব্যয় ও দল শক্তিশালীকরণ নিয়ে মতবিরোধের জেরে শেষ দুই ম্যাচে মাঠে নামেননি রোনালদো।
এরপরই পর্তুগিজ মহাতারকাকে হুঁশিয়ারি দিয়ে সৌদি প্রো লিগ স্পষ্ট জানিয়ে দিয়েছে, ‘কোনো একজন ব্যক্তি যত বড় তারকাই হোন না কেন, নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নির্ধারণ করতে পারেন না।’
৪১ বছরে পা রাখা পর্তুগিজ মহাতারকা আল নাসরের জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নিষ্ক্রিয়তায় হতাশ।
ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের একাধিক সূত্র জানিয়েছে, সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) যদি ক্লাব ব্যবস্থাপনায় পরিবর্তনের নিশ্চয়তা না দেয়, তাহলে টানা দ্বিতীয় লিগ ম্যাচেও খেলবেন না রোনালদো। সোমবার আল রিয়াদের বিপক্ষে ম্যাচে মাঠে নামেননি তিনি।
যদিও আল নাসর সূত্র বলছে, শুক্রবার আল ইত্তিহাদের বিপক্ষে ম্যাচে রোনালদোর ফেরার আশা করছে ক্লাব।
রোনালদোর মূল অভিযোগ, শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে পিআইএফ আল নাসরে বিনিয়োগ না করলেও প্রতিদ্বন্দ্বী আল হিলাল বড় নাম দলে ভিড়িয়েছে।
আল হিলাল সম্প্রতি আল ইত্তিহাদ থেকে করিম বেনজেমাকে দলে নিয়েছে। উল্লেখ্য, আল নাসর ও আল হিলাল- দুই ক্লাবই ৭৫ শতাংশ করে পিআইএফের মালিকানাধীন।
তবে সৌদি প্রো লিগ এক বিবৃতিতে ক্লাবগুলোর আর্থিক স্বাধীনতার বিষয়টি জোর দিয়ে তুলে ধরে। লিগের মুখপাত্র বলেন, ‘সৌদি প্রো লিগ একটি সহজ নীতির ওপর দাঁড়িয়ে।
প্রতিটি ক্লাব একই নিয়মের আওতায় স্বাধীনভাবে পরিচালিত হবে। খেলোয়াড় কেনা, ব্যয় ও কৌশল নির্ধারণ করবে ক্লাবগুলোই, একটি নির্দিষ্ট আর্থিক কাঠামোর ভেতরে থেকে। এই কাঠামো সবার জন্য সমান।’
তিনি আরো বলেন, ‘ক্রিস্টিয়ানো আল নাসরে যোগ দেওয়ার পর থেকে ক্লাবের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একজন শীর্ষ প্রতিযোগীর মতো তিনিও জিততে চান। কিন্তু কোনো ব্যক্তি যত বড় তারকাই হোন, নিজের ক্লাবের বাইরে সিদ্ধান্ত নির্ধারণ করেন না।’
এমআর/টিকে