কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আবুল কালাম বলেছেন, একাত্তরে যারা দেশের মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল। যারা দেশের স্বাধীনতা চায়নি, সেই স্বাধীনতার বিরোধিতাকারী সে সব দলের ভোট চাওয়ার কোনো অধিকার নেই।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ফাযিল মাদরাসা মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।
এ সময আবুল কালাম বলেন, এই দলটি স্বার্থপর দল। স্বার্থের জন্য তারা দেশ বিক্রি করতেও একবার চিন্তা করে না। আমাদের মা-বোনদের তারা পাকিস্তানদের হাতে তুলে দিয়েছিল। সেই দলটি আজ কী করে এদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে চায়! তাদের থেকে আপনারা সাবধান থাকবেন।
তিনি আরও বলেন, একটি সুখী-সমৃদ্ধ নিরাপদ বাংলাদেশ গড়তে তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাতে হবে। তারেক রহমানই আগামীর বাংলাদেশ। তিনি দীর্ঘ সময় ধরে দূর প্রবাসে বসেও এদেশকে কীভাবে পরিচালনা করা যায়, এদেশের মানুষের ভাগ্যের উন্নয়নে একটি বৃহৎ পরিকল্পনা করেছেন। তাই তাকে প্রধানমন্ত্রী বানাতে ১২ তারিখ সবাই ধানের শীষ প্রতীকে ভোট দিন।
বিএনপির এ প্রার্থী আরও বলেন, আমি নির্বাচিত হলে লাকসাম-মনোহরগঞ্জে ব্যাপক উন্নয়ন করব। অবহেলিত মনোহরগঞ্জ উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে একটি মহাসড়ক করে মনোহরগঞ্জ থেকে সরাসরি ঢাকা এবং চট্টগ্রামের বাস সার্ভিস চালু করব। এই জনপদ থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজ, দুর্নীতি এবং মাদকের গোড়াসহ উপড়ে ফেলব। তাই আমাকে আপনাদের সেবা করার সুযোগ করে দেবেন ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে।
এ সময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সরোয়ার জাহান দোলনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কেএন/টিকে