ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা-২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান বলেছেন, ‘দেশের মানুষ ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে। যেদিকেই যাচ্ছি মানুষের আওয়াজ একটাই, ধানের শীষ। মানুষ শান্তির জন্য, উন্নয়নের জন্য ধানের শীষে ভোট দিতে চায়।’
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের ধর্মশুর চেয়ারম্যান বাড়ির উদ্যোগে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় কেরানীগঞ্জ নিয়ে নিজের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, ‘লন্ডনের টেমস নদীর অপর পাড়ে যেমন আরেকটি আধুনিক লন্ডন গড়ে উঠেছে, ঠিক তেমনি ঢাকা শহরের পাশে বুড়িগঙ্গা নদীর অপর প্রান্তে অবস্থিত কেরানীগঞ্জকে একটি আধুনিক ও পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলা হবে।’
আমান উল্লাহ আমান আরো বলেন, ‘বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সরকারের আমলেই নয়াবাজার বাবুবাজার ব্রিজ, ওয়াশপুর বসিলা ব্রিজ, আলিপুর ব্রিজসহ অসংখ্য ব্রিজ ও সড়ক নির্মাণ করা হয়েছে। বিএনপি আবার ক্ষমতায় এলে কামরাঙ্গীরচর খোলামোড়া ব্রিজসহ কেরানীগঞ্জের প্রয়োজনীয় সকল উন্নয়ন বাস্তবায়ন করা হবে।’ শেষে আগামী ১২ ফেব্রুয়ারি দল-মত নির্বিশেষে সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
চেয়ারম্যান পুত্র আজিজুর রহমানের সভাপতিত্বে উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদ ঢাকা জেলা ইউনিটের আহ্বায়ক অধ্যক্ষ আব্দুল কাইয়ুম, কেরানীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান হাজী রুহুল আমিন, রোহিতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মালেক, সাধারণ সম্পাদক আবু বকরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসএস/টিএ