নতুন বছরের শুরুতেই প্লেব্যাক গান থেকে বিরতি নেওয়ার ঘোষণা দিয়ে সংগীতজগতে আলোড়ন ফেলেন অরিজিৎ সিং। শুধু বলিউড নয়, বিশ্বের সংগীতপ্রেমীদের কাছেও অরিজিৎ এমন এক নাম, যাঁর কণ্ঠ ছাড়া আধুনিক গান কল্পনাই করা যায় না। ফলে তাঁর এই সিদ্ধান্ত ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয় জোর আলোচনা। যদিও প্লেব্যাক থেকে বিরতির কথা জানালেও, গান থেকে তিনি দূরে সরে যাচ্ছেন না—এ বিষয়টি নিজেই স্পষ্ট করেছেন অরিজিৎ। আপাতত নিজের অ্যালবাম তৈরির দিকেই মন দিতে চান বলেই এই সিদ্ধান্ত, সেটাও জানিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রির একাংশ তাঁর এই সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও, অনেক অনুরাগী ও সহকর্মী আবার তাঁকে অনুরোধ জানাচ্ছেন সিনেমার প্লেব্যাক দুনিয়ায় ফেরার জন্য।
এই আবহেই জি বাংলার জনপ্রিয় সংগীতানুষ্ঠান ‘সারেগামাপা’-র মঞ্চে অরিজিতের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে গায়িকা অন্তরা মিত্রের কাছে। কোনও রাখঢাক না রেখে অকপটে বন্ধুর প্রশংসায় ভরালেন তিনি। অন্তরা জানান, তাঁদের প্রথম আলাপ হয়েছিল যখন দু’জনেরই বয়স ছিল সতেরো বা আঠারো। দীর্ঘদিনের বন্ধুত্বের কথা তুলে ধরে তিনি বলেন, অরিজিৎ তখনও যেভাবে পরিণতভাবে ভাবতে পারত, আজও ঠিক একই রকম গভীর চিন্তাভাবনা নিয়ে সে সিদ্ধান্ত নেয়। তাঁর মতে, অরিজিতের এই ভাবনার গভীরতাই তাঁকে আজকের এই উচ্চতায় পৌঁছে দিয়েছে।
অন্তরা আরও বলেন, একটা সময় অরিজিৎ স্বপ্ন দেখত বড় বড় শিল্পীদের সঙ্গে কাজ করার। আর আজ বাস্তব চিত্র ঠিক উল্টো—সেই সব নামী শিল্পীরাই অরিজিতের সঙ্গে কাজ করতে আগ্রহী। বন্ধুর এই সাফল্য তাঁকে ভীষণ আনন্দ দেয় এবং গর্বিত করে তোলে বলেও জানান তিনি।
এরই মধ্যে অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে সম্প্রতি গিয়েছিলেন অভিনেতা আমির খান। এই সফর ঘিরে নানা জল্পনা শুরু হয়। অনেকেই ধরে নেন, প্লেব্যাক থেকে বিরতির সিদ্ধান্ত বদলানোর অনুরোধ জানাতেই হয়তো আমিরের এই সফর। পরে অবশ্য জানা যায়, আমির খানের আগামী ছবির গান নিয়েই মূলত আলোচনা করতে গিয়েছিলেন তিনি।
যদিও প্লেব্যাক গান থেকে বিরতির ঘোষণা দিয়েছেন অরিজিৎ সিং, তবে আগেই যেসব কাজের প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলি তিনি অবশ্যই সম্পূর্ণ করবেন বলে জানিয়েছেন। সব গান রেকর্ড শেষ হতে সময় লাগবে, ফলে ২০২৭ সাল পর্যন্ত আরও কিছুদিন সিনেমার গানে অরিজিতের কণ্ঠ শোনার সুযোগ পাবেন শ্রোতারা।
ইউটি/টিএ