বিতর্কের জালে কার্যত দিশেহারা অবস্থায় রয়েছেন অভিনেতা ও ভ্লগার সায়ক চক্রবর্তী। এরই মধ্যে পার্ক স্ট্রিটের যে রেস্তোরাঁকে ঘিরে এত আলোচনা, সেই ঘটনাকে কেন্দ্র করে সামনে এলো নতুন তথ্য। রেস্তোরাঁর পক্ষের আইনজীবীর দাবি, অর্ডার স্লিপে নাকি ‘বিফ স্টেক’ উল্লেখ রয়েছে। পরবর্তী শুনানিতে ওই অর্ডার স্লিপ আদালতে পেশ করা হতে পারে বলেও শোনা যাচ্ছে। সায়কের অভিযোগের ভিত্তিতেই ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় পানশালার এক বেয়ারার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছিল। যদিও বর্তমানে তিনি জামিনে মুক্ত আছেন।
ঘটনার আরেক দিকও আলোচনায় এসেছে। রেস্তোরাঁ কর্তৃপক্ষ ক্ষমা চাওয়ার পর সমাজমাধ্যমে সায়ক জানিয়েছিলেন তিনি মামলা তুলে নেবেন। কিন্তু বাস্তবে তা না হওয়ায় তাঁর বক্তব্য ও কর্মকাণ্ডের অমিল নিয়েই প্রশ্ন তুলছেন অনেকে। যাঁরা একসময় সায়কের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন, তাঁদের অনেককেই এখন তাঁর পাশে দেখা যাচ্ছে না এ বিষয়টিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
ঘটনার দিন সায়কের সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর বন্ধু অনন্যা ও সুকান্ত। বিতর্ক তীব্র হতেই অনন্যা সমাজমাধ্যমে স্পষ্ট ভাষায় জানান, সরাসরি সম্প্রচারে সায়কের বলা কথার দায় তিনি নেবেন না। অন্যদিকে পুরো বিষয়টি নিয়ে দীর্ঘ সময় নীরব ছিলেন গায়িকা দেবলীনা, যাঁর সঙ্গে সায়কের বন্ধুত্ব একসময় আলোচনায় ছিল। অবশেষে তিনি ফেসবুকে লিখেছেন, নীরব থাকলেও সমস্যা, মুখ খুললেও দোষ। তাঁর ভাষায়, মুখ খুললে কেউ না কেউ দোষ ধরবেই, আবার চুপ থাকলেও বেইমান বলা হবে। তাই বন্ধুত্ব, পরিবার ও নিজের কাজ নিয়েই ভালো থাকতে চান বলেও জানিয়েছেন তিনি। সব মিলিয়ে এই বিতর্ক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সাংস্কৃতিক অঙ্গন সবখানেই চলছে আলোচনা ও সমালোচনার ঝড়।
এসএস/টিএ