ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করলে শুধু নিজে নয়, কাউকে দুর্নীতি করতে দেবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছেন নেত্রকোনা-১ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নেত্রকোনার কলমাকান্দার কৈলাটী ইউনিয়নে গণসংযোগকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নেত্রকোনা-১ আসনে ধানের শীষের প্রার্থী বলেন, ধর্মের নাম নিয়ে ভোট পাওয়ার জন্য যারা প্রতারণা করেন, তাদের ভোট দিলেও প্রতারিত হতে হবে। অতীত ইতিহাস সেটাই বলে।
‘চব্বিশের চেতনা নিয়ে যারা প্রতারণা করছেন, ধর্মের নামে প্রতারণা করছেন তাদের থেকে সাবধান’, যোগ করেন তিনি।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শিবগঞ্জে কাঠের ব্রিজ করে ভাইরাল হয়েছি, ক্যানসারের চিকিৎসা করে দুঃস্থ মানুষদের উপকার করেছি সেভাবেই মানবকল্যাণ করে ভাইরাল হতে চাই, নেতিবাচকভাবে নয়।
বিএনপির এ নেতা বলেন, ‘পবিত্র সংবিধানে লেখা আছে, আইনের চোখে সবাই সমান। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, গারো, হাজংসহ সব জাতি, ধর্মবর্ণ সবাই সমান আমার কাছে। নির্বাচনে জিতলে ধর্মীয় স্বাধীনতা অক্ষুণ্ন রাখা হবে। নিজে দুর্নীতি করবো না, কাউকে করতেও দেব না।’
কায়সার কামাল বলেন, ‘আমাকে সুযোগ দিলে আপনাদের ভোটের সম্মান-মর্যাদা অক্ষুণ্ন রাখবো। পেশাগতভাবে আমার পেট-পকেট ভরা, শুধু ৫ বছরের এমপি হতে চাই না, আপনাদের মনের মণিকোঠায় সারাজীবনের জন্য এমপি হয়ে থাকতে চাই।’
তিনি বলেন, ভোট গণনার আগ পর্যন্ত কেউ কেন্দ্র ছেড়ে যাবেন না। ধর্মের নাম নিয়ে যারা প্রতারণা করেন, তারা ভোট নিয়েও প্রতারণা করতে পারেন। ভোট গণনায় ৫০ যাতে ৫০০ না হয়, সেই পাহারা দেয়ার দায়িত্ব আপনাদের।
‘ফ্যাসিস্ট রেজিম থেকে মুক্ত হয়ে মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির নির্বাচনী ইশতেহার গতানুগতিক নয়, বরং বাংলাদেশের ম্যাগনাকার্টা’, যোগ করেন ব্যারিস্টার কায়সার কামাল।
জামায়াত আমির ডাকসুর পক্ষ থেকে আমন্ত্রণ জানানোর প্রতিধ্বনি করেছেন মন্তব্য করে তিনি বলেন, ডাকসু সর্বদলীয় কোনো বিষয় নয়। কোনো পক্ষপাতদুষ্ট প্রতিষ্ঠান নির্বাচন নিয়ে মুক্ত আলোচনার আহ্বান জানানো মানে হলো শেখ হাসিনা যেমন সব কিছু সম্পন্ন করে বেগম খালেদা জিয়াকে ফোন করেছিলেন যে আসুন আলোচনায় বসি, বিষয়টা তেমন হয়ে গেল।
‘ডাকসু এরইমধ্যে নিরপেক্ষ ভূমিকায় নেই, জামায়াত-শিবিরের হয়ে ভোট চাচ্ছে। এটা সর্বজনবিদিত। অসৎ উদ্দেশ্য নিয়ে ডাকসু ডিবেট আয়োজন করতে চাচ্ছে। তার পরদিনই জামায়াত আমিরের ডিবেট আহ্বান। ওপেন ডিসকাশন ভালো, যদি সেটা কোনো নিরপেক্ষ প্রতিষ্ঠান আয়োজন করে’, যোগ করেন তিনি।
এসএস/এসএন