বলিউডের তিন খান—শাহরুখ খান, সালমান খান ও আমির খান—দীর্ঘদিন ধরেই ভারতীয় সিনেমার সবচেয়ে প্রভাবশালী তারকা। তবে জনপ্রিয়তার শীর্ষে থেকেও তাঁদের স্বপ্নের কিছু প্রকল্প দর্শক ও বক্স অফিসের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বড় বাজেট, ব্যক্তিগত আবেগ ও উচ্চাকাঙ্ক্ষা জড়িয়ে থাকলেও শেষ পর্যন্ত এই ছবিগুলো প্রত্যাশিত সাফল্যের মুখ দেখেনি।
শাহরুখ খানের স্বপ্নের প্রকল্পগুলোর একটি ছিল ‘রা ওয়ান’। অত্যাধুনিক ভিএফএক্স ও সুপারহিরো ঘরানার এই ছবি মুক্তির সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়। বাণিজ্যিকভাবে ছবিটি সফল হলেও দর্শকের প্রত্যাশা ছিল আরও বেশি। গল্প ও উপস্থাপনা নিয়ে সমালোচনার কারণে ছবিটি প্রত্যাশিত উচ্চতায় পৌঁছাতে পারেনি বলে মত চলচ্চিত্রবোদ্ধাদের।
সালমান খানের ক্ষেত্রে এমন একটি উদাহরণ ‘ভীর’। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত এই ছবিতে আবেগ ও দেশপ্রেমের ছোঁয়া থাকলেও দুর্বল নির্মাণ ও চিত্রনাট্যের কারণে দর্শক টানতে ব্যর্থ হয়। বড় পরিসরে তৈরি হলেও বক্স অফিসে ছবিটি মুখ থুবড়ে পড়ে।
অন্যদিকে আমির খানের ‘মঙ্গল পাণ্ডে’ ছিল ইতিহাসনির্ভর এক শক্তিশালী গল্পের রূপায়ণ। ব্রিটিশ শাসনবিরোধী সংগ্রামের পটভূমিতে নির্মিত ছবিটি সমালোচকদের দৃষ্টি কাড়লেও সাধারণ দর্শকের আগ্রহ ধরে রাখতে পারেনি। ফলে বক্স অফিসে ছবিটি ব্যর্থতার তালিকায় জায়গা করে নেয়।
এই তিনটি ছবিই প্রমাণ করে, তারকাখ্যাতি ও বড় স্বপ্ন থাকলেই যে সিনেমা সফল হবে, তার কোনো নিশ্চয়তা নেই। শেষ পর্যন্ত দর্শকের গ্রহণযোগ্যতাই একটি ছবির ভাগ্য নির্ধারণ করে।
ইউটি/টিএ